ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের এক ওয়ার্ডবয়কে শনিবার এক পুলিশ কনস্টেবল লাঞ্ছিত করার প্রতিবাদে পরিচালকের কক্ষের সামনে বিক্ষোভ করছেন চতুর্থ শ্রেণির কর্মচারীরা।
শাহবাগ থানার ওসি জানিয়েছেন, অভিযুক্ত পুলিশ কনস্টেবল মনি শঙ্করকে ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে। কনস্টেবল মনি শঙ্কর রাজারবাগ পুলিশ লাইনের দুই নম্বর কোম্পানিতে কর্মরত। শনিবার তিনি ঢাকা মেডিক্যালের ২১৫ নম্বর ওয়ার্ডের বারান্দায় এক আসামিকে পাহারা দিচ্ছিলেন।
ওয়ার্ডবয় মো. হানিফ জানান, দুপুরে ঐ ওয়ার্ডের বারান্দায় রোগীকে বহন করার খালি ট্রলি আনতে গেলে কয়েকজন পুলিশ সদস্য বসে থাকতে দেখা যায়। তাদের সরিয়ে ট্রলি আনতে গেলে কনস্টেবল মনি শঙ্করের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মনি শঙ্কর তাকে মারধর করেন। এ ঘটনার প্রতিবাদে চতুর্থ শ্রেণির প্রায় শতাধিক কর্মচারী ঢাকা মেডিক্যালের পরিচালক কক্ষের সামনে বিক্ষোভ করেন।
