জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (পাস) কোর্সে অনলাইনে ভর্তি সংক্রান্ত দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী দিনে বলেছেন, সনাতন পদ্ধতিতে সেশনজট থেকে মুক্ত হওয়াসহ জাতীয় বিশ্ববিদ্যালয়কে সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব নয়। তথ্যপ্রযুক্তি প্রয়োগ করে জাতীয় বিশ্ববিদ্যালয়কে ঢেলে সাজাতে হবে। সেই লক্ষ্যে ইতিমধ্যে সকল পর্যায়ের ভর্তি অনলাইনে করার উদ্যোগ নেয়া হয়েছে। স্নাতক (পাস) কোর্সে ভর্তির ব্যবস্থা তারই অংশ বিশেষ।
তিনি বলেন, ‘অনলাইনের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির ব্যবস্থা করা গেলে ভর্তির ক্ষেত্রে অযাচিত হস্তক্ষেপ বন্ধ হবে।
গতকাল কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর (একাডেমিক)। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর মো. নোমান-উর রশীদ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্নাতক-পূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন প্রফেসর ড. মোবাশ্বেরা খানম। বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, কলেজ পরিদর্শক, পরীক্ষা নিয়ন্ত্রকসহ অন্যান্য কর্মকর্তা ও কলেজের শিক্ষক প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন।
