পাকিস্তান টি-২০ অধিনায়ক মোহাম্মদ হাফিজ পদত্যাগ করার ঘটনায় মোটেই খুশি নন দেশটির কিংবদন্তী বোলার ওয়াসিম আকরাম। বাংলাদেশে চলমান টি-২০ বিশ্বকাপে সুপার টেন পর্বে নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বাদ পড়ায় দারুণ সমালোচনার মুখে পড়েন হাফিজ। এমনকি দলের সিনিয়র খেলোয়াড় শহিদ আফ্রিদিও দেশে ফিরে আকারে-ইঙ্গিতে ব্যর্থতার জন্য অধিনায়ককে দায়ী করে গণমাধ্যমে বক্তব্য দেন। দেশে ফিরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠির সঙ্গে আলোচনার পর ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দেন হাফিজ। অপর একটি সূত্রের মতে শেঠিই পদত্যাগ করতে বলেছেন হাফিজকে। তবে আকরাম বলেন, ‘ঘটনা যাই হোক না কেন হাফিজের এমন পদত্যাগ দলের জন্য মোটেও ভাল লক্ষণ নয়।’ তিনি আরো বলেন, ‘কোন কোচই দেড় মাসের মাথায় দলে কোন কিছু পরিবর্তন আনতে পারেন না।’ নেতিবাচক অধিনায়কত্ব সম্পর্কে আফ্রিদির মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘এটা খারাপ একটা দৃষ্টান্ত।’ বাসস
