যেমনটা আগেই জানা গিয়েছিল, বিতর্কিত সাক্ষাত্কার দেয়া নিয়ে বেশ ঝামেলাতেই পড়তে যাচ্ছেন সাকিব আল হাসান। কেন তিনি এমন সাক্ষাত্কার দিয়েছেন—এটা জানতে চেয়ে বিসিবির দেয়া নোটিসের গতকালই ছিল জবাব দেয়ার শেষ দিন। বিসিবি অবশ্য জানায়নি যে, সাকিব জবাবে কী বলেছেন। তবে জবাব পৌঁছানোর আগেই বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, জবাব সন্তোষজনক না হলে আরও একবার কঠোর ব্যবস্থা নেবেন তারা।
গতকাল বিসিবি সভাশেষে পাপন বলেছেন, ‘পত্রিকা পড়ে এবং বোর্ডে এসে যখন আমি শুনলাম, একটা চিঠি দিতে বলেছি তাকে। ব্যাখ্যা চেয়েছি কেনো ম্যাচ চলাকালিন ইনটারভিউ দেয়া হয়েছে। আমাদের বোর্ডের কিছু নিয়ম আছে ম্যাচ চলাকালিন সময় বোর্ডের অনুমতি ছাড়া বা কারো অনুপস্থিতি ছাড়া এ ধরনের কোন ইন্ডিভিজুয়াল ইনটারভিউ দেয়ার কথা না। কেন দিলো? কিছু কিছু ব্যাখ্যা চেয়ে আমরা চিঠি দিয়েছি। আমরা অপেক্ষা করছি তার জবাবের জন্য। এবং জবাবের কিছু পক্রিয়া আছে। তারপর আমরা সিদ্ধান্ত নিবো।’
জবাব পেয়ে পদক্ষেপ নেবেন বললেও পদক্ষেপটা কী হতে পারে, সেটা অবশ্য সভাপতি পরিষ্কার করেননি, ‘আসলে কি শাস্তি হতে পারে সেটা এখনো বলা যাবে না। ডিসিপ্লিনারি কমিটি আছে। বোর্ডে বসে এটা সিদ্ধান্ত নিতে হবে। তবে আমার মনে হয়। এ বিষয়ে এখন আলোচনা করা ঠিক হবে না। আমি অবশ্য টিম ম্যানেজম্যান্টের কাছে এ বিষয়ে জানতে চেয়েছি ওদের কি ধারণা।’
তবে সাকিব জবাব যাই দিন, তার মন্তব্যগুলো যে সভাপতির পছন্দ হয়নি, সেটা আবারও পরিষ্কার করে দিলেন, ‘দুর্ভাগ্যবশত এটা তুলনা করতে হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কার চেয়ে আমার জানা মতে আমরা খেলোয়াড়দের অনেক ভালো সুযোগ-সুবিধা দেই। আর দেশের একটি জার্সি পরে মাঠে নামলে সুযোগ-সুবিধার কথা মাথায় থাকার কথা না। বিষয়টি মনের ভেতর থেকে আসতে হবে। তখন চিন্তা আসবে আমি দেশের জন্য খেলছি। বোর্ড কি বললো আর মিডিয়া কি লিখলো সেটা গুরুত্বপূর্ণ নয়। কিংবা দর্শকরা কি করলো। দর্শকরা এখানে কি করলো? এখানে এতো খারাপ খেলার পরওতো কেউ খারাপ কিছু করেনি। নিশ্চিত হেরে যাওয়া ম্যাচে একটি সিঙ্গেল রান কিংবা চার হলেও দর্শকরা সার্পোট করছে। এরচেয়ে বেশি আর আপনি কি আশা করেন? আমি সারাজীবন হোম সুবিধার কথা শুনেছি; কিন্তু এ জিনিস এ প্রথম শুনলাম।’
