নিখোঁজ মালয়েশিয়া বিমানের তল্লাশিতে নিয়োজিত একটি চীনা জাহাজ রহস্যজনক সংকেত শুনতে পেয়েছে বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা সিনহুয়া। বার্তা সংস্থাটি জানিয়েছে, চীনের বিমানও সাগরে বিভিন্ন বস্তু ভাসতে দেখেছে। সন্ধান পাওয়া এই সংকেতের কম্পাঙ্ক প্রতি সেকেন্ডে ৩৭ দশমিক ৫ কিলোহার্টজ। তবে এটি আসলেই নিখোঁজ বিমানের কিনা সেই বিষয়ে নিশ্চিত করে বলতে পারেননি বিশেষজ্ঞরা। খবর সিএনএন’র।
এই সংকেত বিমানের শব্দ ও তথ্য ধারকযন্ত্র ব্ল্যাকবক্সের হতে পারে। চীনা টহল জাহাজ ‘হাইঝুন-১’ এর রিসিভারে ধরা পড়া এই সংকেত মানসম্মত আলোক সংকেত বলে মনে করেন পিনজার ম্যানুফ্যাকচারার দুকানে সিকমের প্রেসিডেন্ট আনিশ প্যাটেল। তিনি বলেন, সাধারণত সাগরে শব্দ হলে তাতে নয়েজ (বিঘ্নকারক শব্দ) থাকে। কিন্তু এই সংকেতে কোনো নয়েজ ছিল না। তিনি বলেন, ১৪ সেন্টিমিটার লম্বা সোনার সিস্টেম (প্রতিফলিত শব্দতরঙ্গের সাহায্যে পানিতে নিমজ্জিত বস্তুর সন্ধানকারী যন্ত্র) সাগরে ফেলা হয়। আশ্চর্যের বিষয় যে কেবল একটি সংকেতই ধরা পড়েছে এতে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই সংকেত যে নিখোঁজ বিমানের সেটি নিশ্চিত করে বলা যাবে না। এমনকি আনিশ প্যাটেলও বিষয়টি আরো পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন। তল্লাশি সমন্বয়কারী সংস্থা এক ই-মেইলে জানিয়েছে, এই মুহূর্তে এই ধরনের কোনো তথ্য তারা পরীক্ষা-নিরীক্ষা করতে পারেনি। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার দুপুরে তারা এই ধরনের একটি খবর পায়। কিন্তু ১০ ঘন্টা পরও মন্ত্রণালয় ওই জাহাজের সঙ্গে যোগাযোগ করেননি। তল্লাশিতে নিয়োজিত দেশগুলো সরাসরি অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ রাখলেও চীনের জাহাজগুলি নিজ দেশের সঙ্গেই আগে যোগাযোগ করে। তারপর সেখান থেকে অস্ট্রেলিয়ার তল্লাশি অভিযান সমন্বয় সংস্থাকে জানানো হয়।
