চেলসি আবার শীর্ষে

আপডেট : ০৬ এপ্রিল ২০১৪, ২১:৩৭
চেলসি গত শনিবার রাতে স্টোক সিটির বিরুদ্ধে ৩-০ গোলে জিতে কিছু সময়ের জন্য হলেও ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে সরিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরলো। তবে দ্বিতীয় স্থানে থাকা লিভারপুল গত রাতে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে প্রত্যাশিত জয় পেলে অলরেডসরা তাদের হটিয়ে দেবে। এদিকে গতকাল দিনের প্রথম খেলায় এভারটনের মাঠে ৩-০ গোলে হেরে গেছে আর্সেনাল। ম্যানচেস্টার সিটি একই রাতে ৪-১ গোলে সাউদাম্পটনের বিরুদ্ধে জয়লাভ করে। একই শহরের দল ও বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড ৪-০ গোলে নিউক্যাসল ইউনাইটেডকে হারায়। চলতি মৌসুমে প্রথমবারের মতো ইউনাইটেডের দায়িত্ব নিয়ে দুর্দশায় থাকা কোচ ডেভিড ময়েস বিপক্ষের মাঠে সাফল্যের জন্য তুলনামূলকভাবে কম চাপে খেলাকে কৃতিত্ব দেন। অপরদিকে তাদের নগর প্রতিদ্বন্দ্বী সিটি কোচ ম্যানুয়েল পেলিগ্রিনি মনে করেন তার দল ঠিক সময়েই আবার ফর্মে ফিরেছে। নিকটতম প্রতিদ্বন্দ্বীদের চাইতে দুইটি ম্যাচ কম খেলা সিটি কোচ বলেন,‘হতে পারে ফেব্রুয়ারীতে আমাদের পারফর্মেন্স নিচুতে ছিল। এখন দল আবার ফর্মে ফিরেছে। শেষ পাঁচ খেলায় আমরা চারটিতে জিতেছি এবং একটি ড্র করি। গত মাসে আমরা যেভাবে খেলেছি সেটা খুব গুরুত্বপূর্ণ।’ মোহামেদ সালাহ এই রাতে প্রথমবারের মতো চেলসির মূল একাদশে ঠাঁই পেয়েই দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন। এমনকি অপর দুই গোলদাতা ফ্র্যাংক ল্যাম্পার্ড ও উইলিয়ানের লক্ষ্যভেদেও ছিল তার অবদান। মিসরীয় খেলোয়াড়টি ৩১ মিনিটে এগিয়ে দেন দলকে। ৬১ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন ল্যাম্পার্ড। শেষ বাঁশির ১৮ মিনিট আগে তৃতীয় গোলটি করেন উইলিয়ান। কোচ হোসে মরিনহোর দল আগের সপ্তাহে দুর্বল ক্রিস্টাল প্যালেসের কাছে ১-০ গোলে পরাস্ত হয়েছিল। এরপর দলটি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্যারি সেন জার্মেইর (পিএসজি) মাঠে হারে ৩-১ গোলে। তাই এ জয় পর্তুগীজ মরিনহোকে স্বস্তিতে রাখল। এদিকে তৃতীয় স্থানে থাকা সিটির মাঠ ইত্তেহাদ স্টেডিয়ামে তৃতীয় মিনিটেই পেনাল্টি থেকে গোল পেয়ে স্বাগতিকদের এগিয়ে দেন ইয়াইয়া তোরে। কিন্তু সাউদাম্পটনের রিকি ল্যাম্বার্ট তা শোধ করে দেন। সমির নাসরি ও এডেন জেকো অবশ্য বিরতির আগে ইনজুরি সময়ে দলকে এগিয়ে দেন তিন মিনিটের ব্যবধানে দুই গোল দিয়ে। অপর গোলটি করেন স্টিভান জোবেটিচ। ম্যানচেস্টার ইউনাইটেড পুরো মৌসুম জুড়ে নিজেদের মাঠে দুর্দশায় থাকলেও বিপক্ষে মাঠে ভাল খেলার নৈপুণ্য অব্যাহত রাখে এই রাতেও। হুয়ান মাটার জোড়া গোলে লিগে টানা চতুর্থ জয় তুলে নিল ষষ্ঠ স্থানে থাকা কোচ ডেভিড ময়েসের দলটি। অপর দুইটি গোল করেন জাবিয়ের হার্নান্দেজ ও আদনান জানুজা। এ জয়ের সুবাদে ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লড়াইয়ে বায়ার্ন মিউনিখের মাঠে খেলতে নামার আগে আত্মবিশ্বাসী হয়ে উঠবে। কোচ ময়েস খেলা শেষে বিভুইয়ে সাফল্যের কারণ তুলে ধরেন। ইউনাইটেড প্রিমিয়ার লিগের অন্য দলগুলোর চাইতে এবার বিপক্ষের মাঠে বেশি পয়েন্ট পেয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন,‘হতে পারে ওল্ড ট্র্যাফোর্ডে ভাল করা এবং সত্যিকারের আক্রমণাত্মক খেলার জন্য প্রত্যাশার চাপ থাকে। আমরা কয়েকটি খেলা অল্প ব্যবধানে হেরেছি, নিউক্যাসল ও এভার্টনের কাছে ১-০ গোলের ব্যবধানে। সে তুলনায় বিপক্ষের মাঠের খেলায় অতটা চাপ থাকে না।’