লিওনেল মেসির দুই গোলে রিয়াল বেটিসকে ৩-১ গোলে হারিয়ে লা লিগায় জয়ের ধারা অব্যাহত রেখেছে বার্সেলোনা। ম্যাচের ফল বার্সেলোনার একাধিপত্যের কথা বললেও নূ ক্যাম্পে গত শনিবার রাতে জিততে যথেষ্টই ঘাম ঝরাতে হয়েছে স্বাগতিকদের। সমালোচকদের এমন কথা উড়িয়ে দিয়ে বার্সা কোচ জেরার্ডো মার্টিনো বলেছেন, লিগের এই অবস্থায় পারফরম্যান্স নয় বরং পয়েন্টকেই বেশি গুরুত্বপূর্ণ মানছেন তিনি।
এদিকে, রাতের অন্য ম্যাচে জয় পেয়েছে শিরোপা প্রত্যাশী অপর দুই দল রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদও।
লিওনেল মেসির পেনাল্টি গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা বার্সেলোনার দ্বিতীয় গোলটি আসে বেটিস ডিফেন্ডার জর্ডি ফিগেরাসের কল্যাণে। প্রথমে অ্যালেক্সিস সানচেজকে অবৈধভাবে ফেলে দিয়ে স্বাগতিকদের পেনাল্টি উপহার দেয়া ফিগেরাস এবার উপহার দেন আত্মঘাতী গোল। তবে, খানিকবাদে রুবেন কাস্ত্রোর গোলে ম্যাচে ফেরার সুযোগ সৃষ্টি করে সফরকারিরা। কিন্তু, ৮৬ মিনিটে মেসির দ্বিতীয় গোলে অঘটন ঘটানোর স্বপ্ন শেষ হয়ে যায় বেটিসের।
এই জয়ের ফলে শীর্ষে থাকা অ্যাটলেটিকোর সঙ্গে প্রায় সমান কদমেই হাঁটছে বার্সেলোনা। যদিও, ম্যাচে কাতালানদের পারফরম্যান্স সমর্থকদের মন ভরানোর জন্য মোটেই যথেষ্ট ছিল না। কিন্তু, লিগের মাত্র ছয় রাউন্ড বাকি থাকতে এই মুহূর্তে পয়েন্টকেই প্রধান বিবেচ্য হিসেবে জানিয়ে মার্টিনো বলেন, ‘আমিই আশা করেছিলাম যে আজ আমাদের পারফরম্যান্স আগের ম্যাচগুলোর মতো হবে না। আমি মনেপ্রাণেই চাইছিলাম ভালো পারফরম্যান্স নয়, বরং পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে। আমি কোন অজুহাত দাঁড় করাতে চাই না। কিন্তু, অ্যাটলেটিকোর বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগ আর আগামী বুধবারের দ্বিতীয় লেগের মধ্যে এই ম্যাচটা আসলে কিছুটা সমস্যাই হয়ে দাঁড়িয়েছিল। আমাদের লক্ষ্য ছিল জয় নিয়ে মাঠ ছাড়া এবং শীর্ষে থাকা দলের (অ্যাটলেটিকো) উপর চাপ সৃষ্টি করা।’
এদিকে, রাউল গার্সিয়ার ১২ মিনিটের গোলে নিজেদের মাঠে ভিলারিয়ালকে হারিয়ে আগেই নিজেদের কাজটা করে রাখে অ্যাটলেটিকো। এই জয়ের ফলে, ১৯৯৬ সালের পর প্রথম লিগ শিরোপার দিকে আরো এগিয়ে গেল দীর্ঘদিন নগর প্রতিদ্বন্দ্বী রিয়ালের ছায়ায় ঢাকা পড়ে থাকা মাদ্রিদের অন্য ক্লাবটি। ৩২ তম ম্যাচ শেষে বার্সেলোনার চাইতে এক পয়েন্ট বেশি নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই রইলো তারা।
রিয়াল বেটিসের বিরুদ্ধে রিয়াল মাঠে নামে তাদের মূল অস্ত্র ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই। যদিও, ব্যালন ডি’অর জয়ী এই স্ট্রাইকারের অভাব বুঝতেই দেননি আক্রমণভাগের অন্য সদস্যরা। অ্যাসিয়ের ইরামেন্দির প্রথম গোলের পর গ্যারেথ বেল, পেপে ও অ্যালভারো মোরাতার একটি করে গোলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনার চাইতে দুই পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে থাকা রিয়াল।
