ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্কে রাজনৈতিক প্রভাবের কথা সবার জানা। কিন্তু দু’দেশের ক্রিকেটারদের সম্পর্কটা সেই তুলনায় অনেকটাই উষ্ণ। রাজনীতিকদের মধ্যে সংকীর্ণতা থাকলেও ক্রিকেটাররা যে সেটা থেকে অনেকটা উপরে আরেকবার প্রমাণ করলেন মহেন্দ্র সিং ধোনি। পাকিস্তানের এক সমর্থককে টি-২০ বিশ্বকাপ ফাইনাল দেখতে ব্যবস্থা করে দিয়েছেন ভারতীয় অধিনায়ক। পাকিস্তান দলকে সমর্থন দিতে শিকাগো থেকে উড়ে এসেছিলেন বশির। দল সুপার টেনের বাধা পেরোতে না পারলেও ভেবেছিলেন ফাইনাল দেখেই বাংলাদেশ ছাড়বেন পাকিস্তানের এই নাগরিক। কিন্তু কিছুতেই গতকালের ফাইনালের টিকেটের ব্যবস্থা করতে পারছিলেন না। শেষ পর্যন্ত দ্বারস্থ হলেন, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। বাকিটা শুনুন বশিরের মুখেই, ‘ধোনি একজনকে ‘কাকা’ (ট্রেইনার রমেশ মেনে অথবা মেনে কাকা) বলে ডাকলেন এবং তাকে আমার জন্য একটা টিকিটের ব্যবস্থা করতে বললেন। কাকা তাত্ক্ষণিক আমাকে একটি সৌজন্য পাস তুলে দিলেন এবং আমি তার সৌজন্যতায় মুগ্ধ হলাম!’
