বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা সায়াদ ইবনে মমতাজের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন পঞ্চম দিনে গড়িয়েছে। গতকাল রবিবারও উত্তাল ছিল ক্যাম্পাস। সকাল থেকে ক্লাশ-পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে দফায় দফায় বিক্ষোভ-মিছিল, প্রতিবাদী পথচিত্র অংকনসহ নানা কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। কর্মসূচিতে ছিল উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষক। ছাত্রীদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন রাস্তায় প্রতিবাদী চিত্র অংকন করে।
সায়াদ হত্যার প্রতিবাদে ‘সংগ্রামী সাধারণ ছাত্র জনতা’র ব্যানারে ছাত্রলীগ ক্যাম্পাসে গতকাল একটি শোক শোভযাত্রা বের করেছে।
অন্যদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেছে, তাপসী রাবেয়া হলে শনিবার রাতে ছাত্রলীগের ইন্ধনে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী প্রিয়া ও সোনালী সাধারণ শিক্ষার্থীদের চলমান আন্দোলনে যোগ না দিতে বলেছে ছাত্রীদের। ফলে ওই অনুষদের অনেক ছাত্রী গতকালের আন্দোলনে না এসে বাড়ি চলে গেছে।
শিক্ষার্থীদের ভয়-ভীতি দেখিয়ে আন্দোলন বানচালের বিষয়ে বাকৃবি ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খান বাবু বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা।
