প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৮তম সমাবর্তন আজ। বিপুল উত্সাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয় পরিবার সমাবর্তন অনুষ্ঠান পালনের প্রস্তুতি গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ের সকল প্রান্তে বেজে উঠেছে উত্সবের রাগিনী। সমাবর্তনের আগের দিন গতকাল রবিবার কস্টিউম পরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ঘুরে বেড়িয়েছেন গ্রাজুয়েটরা। শিক্ষা জীবন শেষ করে কর্ম জীবনে প্রবেশের মাঝের এ সময়টিতে সনদ গ্রহণের দিনটিকে স্মরণীয় করে রাখতে উদ্দীপনার অভাব ছিল না কারো মধ্যেই। গতকাল আনন্দ-রাগিনীর যে সুর তারা তুলেছেন আজ সোমবার তা চূড়ান্ত রূপ গ্রহণ করবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস জানায়, আজ দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তন অনুষ্ঠান শুরু হবে। সকাল ১১টার মধ্যে শিক্ষক-গবেষক-গ্রাজুয়েট-আমন্ত্রিত অতিথিদের অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকতে হবে। এ বছর সমাবর্তনে আট হাজার ৩১২ জন গ্রাজুয়েট শিক্ষার্থী ও গবেষক সনদপত্র-পদক গ্রহণ করবেন। এর মধ্যে চার হাজার ২৯৭ জন শিক্ষার্থী-গবেষক নারী। পুরুষ শিক্ষার্থী-গবেষকের সংখ্যা চার হাজার ১৫ জন।
সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ। ইউরোপিয়ান অরগানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চের (সার্ন) মহাপরিচালক অধ্যাপক রোলফ হুয়ের সমাবর্তন বক্তা হিসাবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে তাকে ডক্টর অব সায়েন্স ডিগ্রি প্রদান করা হবে। সমাবর্তন অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। এছাড়া http:// livestream.du.ac.bd/convocation2014 ওয়েবসাইট ঠিকানায় অনুষ্ঠানটি দেখা যাবে।
আগের যত সমাবর্তন
ঢাকা বিশ্বদ্যািলয় প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে। ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার পর ব্রিটিশ আমলে বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় ১৯২৩ সালের ২২ ফেব্রুয়ারি। এরপর ১৯২৪ সাল থেকে ১৯৪৬ সাল পর্যন্ত প্রতিবছরই (সর্বমোট ২৪ বার) সমাবর্তন অনুষ্ঠিত হয়। ব্রিটিশ আমলে শেষ সমাবর্তন অনুষ্ঠিত হয় ১৯৪৬ সালের ২১ নভেম্বর। পাকিস্তান আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় ১৯৪৮ সালের ২৪ মার্চ। এরপর ১৯৭০ সাল পর্যন্ত আরও ১৫বার সমাবর্তন অনুষ্ঠিত হয়। সর্বশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয় ১৯৭০ সালের ৮ মার্চ। সেটি ছিল বিশ্ববিদ্যালয়ের ৩৯তম সমাবর্তন। বাংলাদেশের স্বাধীনতার পর প্রথমবারের মত (৪০তম) সমাবর্তন অনুষ্ঠিত হয় ১৯৯৯ সালের ১৮ ডিসেম্বর। এরপর ৪১তম সমাবর্তন ২০০১ সালে, ৪২তম সমাবর্তন ২০০৪ সালে, ৪৩তম ২০০৭ সালে, ৪৪তম ২০০৮ সালে এবং ৪৫তম সমাবর্তন অনুষ্ঠিত হয় ২০০৯ সালে। ২০১২ সালের ৩০ মার্চ ৪৬তম এবং সবর্শেষ ৪৭তম সমাবর্তন ২০১৩ সালের ৪ মার্চ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ২০০০ সাল পর্যন্ত ২৯ বছরে মাত্র একবার (১৯৯৯) সমাবর্তন অনুষ্ঠান হয়। এরপর ২০০১ সাল থেকে ২০১৪, এ ১৪ বছরে আজ অষ্টমবারের মত সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
