খুলনায় ইজিবাইক ও বেবিট্যাক্সি চালকদের ধর্মঘটে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। ধর্মঘটের কারণে গতকাল রবিবার এইচএসসি পরীক্ষার্থীদেরও চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
সূত্র জানায়, গত শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে দফায় দফায় ইজিবাইক ও বেবিট্যাক্সি চালকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় শতাধিক যানবাহন ভাংচুর করে উভয় গ্রুপ। শনিবার দুপুরের পর থেকে নগরীতে ইজিবাইক ও বেবিট্যাক্সি চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে, উক্ত ঘটনায় তিনজন ইজিবাইক ও চারজন বেবিট্যাক্সি চালককে আটক করে খালিশপুর থানা পুলিশ। এর প্রতিবাদে গতকাল রবিবার ধর্মঘট ডেকে ইজিবাইক ও বেবিট্যাক্সি চলাচল বন্ধ রাখা হয়। ফলে এইচএসসি পরীক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা পড়ে চরম বিপাকে। এইচএসসি পরীক্ষার্থী আব্দুল্লাহ জানান, পূর্ব ঘোষণা ছাড়া ইজিবাইক ও বেবিট্যাক্সি চালকদের ধর্মঘটের কারণে অনেক পরীক্ষার্থীর পরীক্ষার হলে পৌঁছাতে দেরি হয়েছে।
খুলনা বেবিট্যাক্সি ড্রাইভার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক হালিম বন্দ ও খুলনা মহানগর ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সিরাজুল ইসলামের সঙ্গে রবিবার দুপুরে মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনারের (ট্রাফিক) বৈঠক হলেও সন্ধ্যা পর্যন্ত ইজিবাইক ও বেবিট্যাক্সি নগরীতে চলাচল করেনি।
