দিনাজপুর শহরের পৌরসভা মোড়ে র্যাবের মাইক্রোবাসের সঙ্গে রিকশার ধাক্কা লাগার জের ধরে নির্বিচারে লাঠিচার্জ করেছে র্যাব। এতে নারী ও পথচারীসহ ২৫ জন আহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে দোষী র্যাব সদস্যদের বিচারের দাবি জানিয়েছে।
দোকানদার ও এলাকাবাসী জানান, গতকাল রবিবার সকাল ১০টায় শহরের পৌরসভা মোড় এলাকায় র্যাবের মাইক্রোবাসের সঙ্গে একটি রিকশার ধাক্কা লাগায় মাইক্রোবাসের চালক ওই রিকশা চালককে বেধড়ক পেটান। এ সময় মাইক্রোবাসে চালক ছাড়া আর কেউ ছিল না।
স্থানীয় ওয়ার্ডের পৌর কাউন্সিলর বিষয়টি মীমাংসা করে দেয়ার কিছুক্ষণ পর তিনটি পিকআপ ও পাঁচটি মোটরসাইকেলে করে র্যাব-১৩ এর র্যাব সদস্যরা ঘটনাস্থলে এসে নির্বিচারে পেটাতে শুরু করে। পিটুনির হাত থেকে রক্ষা পাননি পথচারী, রিকশা ও ভ্যান চালক, দোকানদার, ক্রেতা, মোটরসাইকেল আরোহীরা। এ সময় র্যাব সদস্যরা আগা খান নামে এক দোকানদারকে ধরে নিয়ে যায়।
ঘটনার পর পর এলাকাবাসী-দোকানদারসহ সকলেই একত্রিত হয়ে পৌরসভার সামনে কাচারী মোড় এলাকায় সড়ক অবরোধ করে। এতে বন্ধ হয়ে যায় ওই সড়কের সকলপ্রকার যানবাহন চলাচল। এ সময় তারা র্যাবের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে সন্ধ্যায় বিষয়টি নিয়ে আলোচনায় বসা হবে এমন আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেন।
মোটরসাইকেল চালক রশিদুল ইসলাম বলেন, সকালে এই পথ দিয়ে যাওয়ার সময় র্যাব বিনা কারণে আমাকে মারধর করেছে। কারণ জানতে চাইলে আরও বেশি মারধর করে।
দিনাজপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাহেতুল ইসলাম খোকা জানান, রিকশা চালককে মারধরের সময় এলাকাবাসী এগিয়ে আসে। এ সময় র্যাব সদস্যরা এলাকাবাসীদের মারধর করে। পরে বিষয়টি মীমাংসা হয়ে গেলেও কিছুক্ষণ পর র্যাব সদস্যরা ঘটনাস্থলে এসে এলাকাবাসীদের বেদম পেটায়। এ ব্যাপারে র্যাব-১৩ এর রংপুর সদর দপ্তরের মিডিয়া শাখার কর্মকর্তা রেজাউর রহমানের সাথে মোবাইলে বিকাল পৌনে ৫টায় যোগাযোগ করলে তিনি বলেন, এ ব্যাপারে কিছুই জানেন না।
দিনাজপুর সদর সার্কেল এএসপি আবু তারেক জানান, আটক আগা খানকে ছেড়ে দেয়া হয়েছে। পাশাপাশি এলাকাবাসীর সাথে আলোচনায় বসা হবে এমন আশ্বাস প্রদান করায় এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে নিয়েছে। তদন্ত কমিটি গঠন করা হবে কিনা পরে সিদ্ধান্ত নেয়া হবে।
