তানোরের ময়েনপুর উচ্চ বিদ্যালয়ে হামলা, ভাংচুর ও শিক্ষক মারধরের পর স্কুলে তালা ঝোলানোর ঘটনায় একজন শিক্ষক রবিবার দুপুরে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ ৯ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে তানোর থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছেন। এদের মধ্যে আছেন মুন্ডুমালা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আতাউর রহমান, ওয়ার্ড যুবদলের সভাপতি ফারুক হোসেন, বিএনপি নেতা মাসুদ রানা, পায়েল, হান্নান, শামীম ও হাজী মফিজ। এজাহারে বলা হয়, উল্লেখিতদের নেতৃত্বে বিএনপির ১০/১২ জন নেতাকর্মী স্কুলে গিয়ে প্রধান শিক্ষক শামসুল হক ও সহকারি শিক্ষকদের সার্টের কলার ধরে এলোপাতাড়ি চড়থাপ্পর ও কিলঘুষি মেরে ঘরে বন্দি রেখে দরজায় তালা ঝুলিয়ে দেন। এ ঘটনার বেশ কয়েক ঘন্টা পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে অবরুদ্ধ শিক্ষকদের উদ্ধার করা হয়।
উল্লেখ্য, ময়েনপুর স্কুলের বিএসসি শিক্ষক হুমায়ুন কবীরের বিরুদ্ধে প্রায় একমাস আগে স্থানীয় কাউন্সিলর ও বিএনপি নেতারা এক ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ তোলেন।
