বিশ্ব একাদশে সালমা

আপডেট : ০৭ এপ্রিল ২০১৪, ২১:১৪
প্রথম পর্বে আফগানিস্তান ও নেপালের বিপক্ষে দুটি জয় বাদ দিলে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ছেলেদের প্রাপ্তির খাতাটা একেবারেই শূন্য। সেদিক বিবেচনায় কিছুটা হলেও এগিয়ে আছে মেয়েরা। বাংলাদেশ নারী ক্রিকেট দল হারিয়েছে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডকে। এবার সেই পারফরম্যান্সের প্রভাব পড়লো আইসিসির বিশ্ব একাদশ নির্বাচনেও। ছেলেদের দলে বাংলাদেশের কেউ না থাকলেও মেয়েদের দলে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন। সদ্য শেষ হওয়া বিশ্বকাপের পারফরম্যান্স এবং বাংলাদেশের কন্ডিশন বিবেচনা করে একাদশ দুটি সাজানো হয়েছে। দল নির্বাচক কমিটির প্রধানের দায়িত্ব পালন করেন আইসিসির এমিরেটাস ম্যাচ রেফারি ডেভিড বুন। একাদশ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘এতোগুলো ভাল খেলোয়াড় থেকে মাত্র ১১ জনকে বেছে নেয়া সত্যি অনেক কঠিন কাজ।’ ফাইনালে গিয়ে স্বপ্ন ভঙ্গ হলেও ছেলেদের দলের অধিনায়কত্ব দেয়া হয়েছে মাহেন্দ্র সিং ধোনিকে। একই ঘটনা ঘটেছে মেয়েদের দলের ক্ষেত্রেও। রানার আপ ইংল্যান্ড নারী ক্রিকেট দলের অধিনায়ক শার্লট এডওয়ার্ডসকে দেয়া হয়েছে অধিনায়কত্ব। একাদশের খুব কাছে যেয়েও ফিরে এসেছেন অমিত মিশ্র (ভারত), আহমেদ শেহজাদ (পাকিস্তান), এবি ডি ভিলিয়ার্স, ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা), অ্যাঞ্জেলো ম্যাথুস, রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা), ডোয়াইন ব্রাভো, সুনীল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ)। পুরুষ দল রোহিত শর্মা (ভারত) — ২০০ রান; স্টিফেন মাইবার্গ (নেদারল্যান্ডস) — ২২৪ রান; বিরাট কোহলি (ভারত) — ৩১৯ রান; জেপি ডুমিনি (দক্ষিণ আফ্রিকা) — ১৮৭ রান; গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া) — ১৪৭ রান; মহেন্দ্র সিং ধোনি (ভারত-অধিনায়ক-উইকেটরক্ষক) — ৫০ রান ও ছয়টি ডিসমিসাল; ড্যারেন স্যামি (ওয়েস্ট ইন্ডিজ) — ১০১ রান; রবীচন্দ্রন অশ্বিন (ভারত) — ১১ উইকেট; ডেল স্টেন (দক্ষিণ আফ্রিকা) — নয় উইকেট; স্যামুয়েল বদ্রি (ওয়েস্ট ইন্ডিজ) — ১১ উইকেট; লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা) — পাঁচ উইকেট; দ্বাদশ খেলোয়াড়: ক্রিশমার স্যান্তোকি (ওয়েস্ট ইন্ডিজ) — আট উইকেট। নারী দল সুজি বেটস (নিউজিল্যান্ড) — ২২৮ রান ও পাঁচ উইকেট; শার্লট এডওয়ার্ডস (ইংল্যান্ড-অধিনায়ক) — ২০০ রান; মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া) — ২৫৭ রান; সারাহ টেলর (ইংল্যান্ড-উইকেটরক্ষক) — ১৫০ রান ও ছয়টি ডিসমিসাল; স্টেফানি টেলর (ওয়েস্ট ইন্ডিজ) — ১৫৩ রান ও এক উইকেট; দেওন্দ্রা ডটিন (ওয়েস্ট ইন্ডিজ) — ১৪৭ রান ও চার উইকেট; এলিস পেরি (অস্ট্রেলিয়া) — ১০৬ রান ও আট উইকেট; নাটালি স্কাইভার (ইংল্যান্ড) — দশ উইকেট; সালমা খাতুন (বাংলাদেশ) — আট উইকেট; পুনম যাদব (ভারত) — আট উইকেট; অ্যানা শার্বসোল (ইংল্যান্ড) — ১২ উইকেট; দ্বাদশ খেলোয়াড়: শাবনিম ইসমাঈল (দক্ষিণ আফ্রিকা) — সাত উইকেট।