জন্মভিটায় সুচিত্রার জন্মদিন পালন

আপডেট : ০৭ এপ্রিল ২০১৪, ২১:৩০
আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা প্রয়াত সুচিত্রা সেনের ৮৩তম জন্মবার্ষিকী রবিবার তার জন্মস্থান পাবনায় পালিত হয়েছে। সুচিত্রা সেনের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান (তত্কালীন মহাকালী পাঠশালা) বর্তমানে পাবনা টাউন গার্লস হাইস্কুলে দুপুরে তার জন্মদিন পালন অনুষ্ঠানের আয়োজন করে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ। স্কুলটির সভাপতি আব্দুল মতীন খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক এম সাইদুল হক চুন্নু, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ রামদুলাল ভৌমিক, প্রেসক্লাব সম্পাদক আহমেদ উল হক রানাসহ অনেকে। এসময় স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সুচিত্রা সেন পাবনার আলো বাতাসে বড় হয়েছেন, লেখাপড়া করেছেন তার জন্য পাবনাবাসী গর্বিত। তিনি আজ বেঁচে না থাকলেও আমাদের হূদয়ের মনিকোঠায় চিরদিন বেঁচে থাকবেন। সুচিত্রা সেনের স্মৃতি ধরে রাখতে আইনী জটিলতা কাটিয়ে তার পৈত্রিক বাড়িটি দখলমুক্ত করার দাবিও জানান বক্তারা।