ঝালকাঠিতে খালি গ্যাস সিলিন্ডার ফেরত নেয়া হচ্ছে না

আপডেট : ০৭ এপ্রিল ২০১৪, ২১:৩০
গ্রাহকদের দুর্ভোগ জেলায় এলপি গ্যাস সিলিন্ডারের গ্রাহকরা চরম দুর্ভোগ ও হয়রানির শিকার হচ্ছে। মেঘনা, যমুনা ও পদ্মা ওয়েল কোম্পানিগুলো বিতরণ করা গ্যাস ভর্তি সিলিন্ডার খালি হবার পর সিলিন্ডারের ওজন ১৫ কেজি না হলে বদলে নিচ্ছে না বলে গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পাওয়া যায়। গত ৩ মাস থেকে এ বিষয়ে কর্তৃপক্ষের কোন উদ্যোগ নেই। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশের কারণে এসব খালি সিলিন্ডার নেয়া যাচ্ছে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এলপি গ্যাস সিলিন্ডার গ্রাহক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কোম্পানিগুলো গ্যাস ভর্তি ২৩/২৪ কেজির সিলিন্ডার ডিলারদের সরবরাহ করে আসছে। ক্রেতারা ডিলারদের মাধ্যমে তা নিয়ে ব্যবহার করার পর খালি সিলিন্ডার দিয়ে পুনরায় গ্যাস ভর্তি সিলিন্ডার নিয়ে আসছিল। কিন্তু ৩ মাস থেকে কোন নোটিস ছাড়াই কোম্পানিগুলো ১৫ কেজির কম ওজনের খালি সিলিন্ডার বদলে গ্যাস ভর্তি সিলিন্ডার দিচ্ছে না। এর ফলে গ্রাহকদের পাশাপাশি ডিলাররাও বিপাকে পড়েছেন। মেঘনা পেট্রোলিয়ামের ঝালকাঠি এলপি গ্যাস ডিলার এম আব্দুল জলিল তালুকদার বলেন, কোম্পানি কম ওজনের সিলিন্ডার না নেয়ায় আমরা সাধারণ গ্রাহকদের কাছ থেকে তা নিতে পারছি না। ঝালকাঠি চেম্বারের সিনিয়র সহ-সভাপতি শাহআলম শাহিন বলেন, ওজন কম হওয়ায় কোম্পানিগুলো সিলিন্ডার নিতে অপারগতা প্রকাশ করছে। পদ্মা ও মেঘনা ডিপোর কর্মকর্তা মনিরুল বাশার এবং আনোয়ার হোসেন বলেন, কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন। তাদের নির্দেশনা মেনে আমাদের কাজ করতে হচ্ছে।