কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে পিছিয়ে থাকার পরে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে দ্বিতীয় লেগে অলৌকিক কিছুরই আশা করছে বরুশিয়া ডর্টমুন্ড। গতবারের কীর্তির পুনরাবৃত্তি চ্যাম্পিয়ন্স লিগ রানার্সআপদের আজ রাতে সিগন্যাল ইদুনা পার্কে করতে হবে অপ্রত্যাশিত কিছুই। আর বরুশিয়ার সেই কাজটি আরো কঠিন করে তুলেছে এক ম্যাচের চোট বিরতি শেষে রিয়াল সুপারস্টার ক্রিশিয়ানো রোনালদোর প্রত্যাবর্তন। গতকাল দলের অনুশীলনে যোগ দিয়েছেন রোনালদো।
গত সপ্তাহে বার্নাব্যুতে বড় ব্যবধানে পরাজিত হবার পরে চ্যাম্পিয়নস লীগ থেকে প্রায় ছিটকে পড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে জার্মান জায়ান্টরা। ম্যাচটিতে তিন গোলের শেষটি এসেছিল রোনালদোর কাছ থেকে। আর ঐ গোলের মাধ্যমে দুই মৌসুম আগে গড়া লিওনেল মেসির চ্যাম্পিয়ন্স লিগে এক মৌসুমে করা সর্বোচ্চ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন তিনি। তবে হাঁটুর ইনজুরির কারণে প্রথম লেগের ম্যাচে শেষ মুহূর্তে মাঠের বাইরে চলে যাওয়ায় সেই আনন্দটা হয়তো ঠিকভাবে উদযাপন করতে পারেননি বিশ্বের সবচেয়ে বেশি বেতনধারি এই খেলোয়াড়। তবে ব্যালন ডি’অর জয়ী এই তারকার আজ মূল একাদশে থাকা প্রায় নিশ্চিত। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে শনিবার লা লিগায় ৪-০ গোলের জয়ী ম্যাচে বিশ্রামে থাকার পর ২৯ বছর বয়সী এই তারকা গতকাল দলের সাথে অনুশীলনও করেছেন।
সোসিয়েদাদের বিপক্ষে রোনালদো বিহীন মাদ্রিদ যেভাবে বড় জয় তুলে নিয়েছে তাতে সন্তুষ্টি প্রকাশ করেছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচটিতে গোল করেছেন আসিয়ের ইলারামেন্ডি, গ্যারেথ বেল, পেপে এবং আলভারো মোরাতা। বিশেষ করে রিয়ালের ইতালিয়ান ম্যানেজার দলে কোন ইনজুরি সমস্যা না থাকায় বেশি খুশি। তিনি বলেন, ‘এই জয় দলকে নতুন করে প্রেরণা যুগিয়েছে। বিশেষ করে দলের সবাই সুস্থ আছে এবং এই মুহূর্তে দলে কোন ইনজুরি নেই।’
সোসিয়েদাদের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা আর্জেন্টাইন তারকা এ্যাঞ্জেল ডি মারিয়ারও মূল একাদশে থাকার ইঙ্গিত পাওয়া গেছে। গ্যাস্ট্রিকের সমস্যার কারণে ডি মারিয়া প্রথম লেগের ম্যাচটিতেও খেলতে পারেননি। এছাড়া এক সপ্তাহ বিশ্রামে থাকার পরে ফিরছেন লেফট ব্যাক ফ্যাবিও কোয়েনট্রাও।
রিয়াল মাদ্রিদের বিপক্ষেই ঠিক বছরখানেক আগে চ্যাম্পিয়সন্স লীগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ৪-১ গোলের দুর্দান্ত এক জয় ছিনিয়ে নিয়ে ফাইনালে পথ নিশ্চিত করেছিল ডর্টমুন্ড। ম্যাচে চারটি গোলই করেছিলেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লিওয়নদোস্কি। আগামী মৌসুমে ডর্টমুন্ড ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দিচ্ছেন এই তারকা। এবারও পোলিশ এই তারকার কাছ থেকে একই রকম পারফরম্যান্স আশা করছেন জার্মান জায়ান্টরা। বুন্দেসলিগায় শনিবার উল্ফসবার্গের বিপক্ষে ২-১ গোলের জয়ের মাধ্যমে দলের আত্মবিশ্বাসও কিছুটা ফিরে এসেছে। প্রথম লেগে নিষেধাজ্ঞায় থাকা লিওয়ানদোস্কি শনিবারের ম্যাচে প্রথম গোলটি করেছিলেন। ৭৭ মিনিটে জয়সূচক গোলটি করেন জার্মান উইঙ্গার মার্কো রেয়াস। তবে শনিবারের ম্যাচে প্রথমার্ধ ছিল গোলশূন্য।
এই ম্যাচের উদাহরণ টেনে রেয়াস বলেছেন, ‘আমরা যদি প্রথমার্ধের মত ম্যাচ খেলি তবে রিয়ালের বিপক্ষে কিছুই করা যাবে না। কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা যেভাবে ফিরে এসেছিলাম সেটাই আমাদের কাল, প্রথম থেকে করে দেখাতে হবে।’
নিষেধাজ্ঞার কারণে আজ ডর্টমুন্ড পাচ্ছে না মিডফিল্ডার সেবাস্টিন কোলকে। মিডফিল্ডের অন্যতম প্রধান সৈনিককে হারিয়ে কিছুটা দুশ্চিন্তায় কোচ জার্গেন ক্লপ। কারণ সেভেন বেন্ডার এবং ইকের গুনডোগান দু’জনেই ইনজুরিতে রয়েছেন।
