মালয়েশিয়ার কুয়ালালামপুরের অলিম্পিক স্পোর্টস হোটেলে অনুষ্ঠানরত ডিওয়াইটিএম রাজা ডঃ নাজরিন শাহ কেএল ইন্টারন্যাশনাল ওপেন দাবা চ্যাম্পিয়নশিপসের পঞ্চম রাউন্ডের খেলা শেষে গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ৫ খেলায় চার পয়েন্ট পেয়ে ছয় দাবাড়ুর সাথে মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। ফিদে মাস্টার ফাহাদ রহমান ও আনিসুজ্জামান জুয়েল ৫ খেলায় দুই পয়েন্ট করে পেয়েছেন। গতকাল সোমবার চতুর্থ ও পঞ্চম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। চতুর্থ রাউন্ডে নিয়াজ ইন্দোনেশিয়ার ফিদে মাস্টার হেকিকি কাইসার জিনিয়াসকে, জুয়েল মালয়েশিয়ার তিন লিং তিয়াংকে হারান এবং ফাহাদ ইন্দোনেশিয়ার মহিলা ফিদে মাস্টার দেবী আ চিত্রার কাছে হেরেছেন। পঞ্চম রাউন্ডের খেলায় নিয়াজ ইন্দোনেশিয়ার মহিলা গ্র্যান্ড মাস্টার সুকান্দার আইরিন কারিশমাকে, ফাহাদ ইংল্যান্ডের গ্রিনউড মার্টিনকে হারিয়েছেন। আর জুয়েল ফিলিপাইনের মারোহোম ডি লিয়নের কাছে হারেন।
