জেলার মিরসরাইয়ে গতকাল সোমবার কর্ণফুলী সুপার এক্সপ্রেস নামে একটি ট্রেনের ৩ টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ১ মহিলা যাত্রী বগির নিচে চাপা পড়ে নিহতসহ ১০ জন গুরুতর আহত হয়। এ রিপোর্ট গতকাল বিকালে লেখা পর্যন্ত দুর্ঘটনাকবলিত ট্রেন উদ্ধার করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা কর্ণফুলী সুপার এক্সপ্রেস নামে ট্রেনটি মিরসরাই স্টেশনের ৬শ গজ উত্তরে আবুনগর গ্রাম এলাকায় পৌঁছলে ৩টি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেনের যাত্রী নাছিমা আক্তার (৪০) ঘটনাস্থালেই চাপা পড়ে নিহত হয়। চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ওসি মোহাম্মদ বলেন, উদ্ধারের জন্য রিলিফ ট্রেন এবং রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যেতে চট্টগ্রাম থেকে রওনা হয়েছে। সন্ধ্যা নাগাদ দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধার করা সম্ভব হতে পারে।
রেলওয়ের সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী কামরুজ্জামান বলেন, প্রায় ১ কিলোমিটার আগে ট্রেনটি থেকে গিয়ার বক্স পড়ে যায়। পয়েন্ট এন্ড ক্রসিং এরিয়ায় আসার পর ট্রেনটির ৩ টি বগি লাইনচ্যুত হয়ে যায়। মিরসরাই থানার ওসি ইমতিয়াজ এমকে ভূঁইয়া বলেন, আহতদের মিরসরাই সদর মাতৃকা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সার জন্য পাঠানো হয়েছে।
