সায়াদ হত্যাকান্ড নিয়ে বাকৃবিতে আন্দোলন অব্যাহত

আপডেট : ০৭ এপ্রিল ২০১৪, ২৩:২০
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মত্স্য বিজ্ঞান অনুষদের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা সায়াদ ইবনে মমতাজ হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির ওপর অনাস্থা প্রকাশ করেছেন ওই অনুষদের শিক্ষকরা। গতকাল সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে এ অনাস্থা জ্ঞাপন করা হয়। এদিকে সায়াদ হত্যাকাণ্ডে জড়িতদের বিচার ও ছাত্রত্ব বাতিলের দাবিতে ষষ্ঠ দিনের মতো গতকালও ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন অব্যাহত রেখেছেন সাধারণ শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টায় মত্স্য বিজ্ঞান অনুষদের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইদ্রিস মিয়া বলেন, সায়াদ হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটিতে আশরাফুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, সহকারী প্রক্টর ড. উজ্জল কুমার নাথ থাকায় এ কমিটির মাধ্যমে সুষ্ঠুু ঘটনা বের হয়ে আসবে না। তদন্ত কমিটি গঠনের দিনেই অনুষদের শিক্ষকরা উপাচার্যের নিকট গিয়ে এ বিষয়ে আপত্তি জানিয়েছিল। কিন্তু উপাচার্য কোন কার্যকর পদক্ষেপ নেননি। গত ১ এপ্রিল সায়াদ হত্যাকাণ্ডের দিনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। এদিকে গতকাল সকাল সাড়ে ১১টার দিকে ক্লাস-পরীক্ষা বর্জন করে সায়াদ হত্যার বিচারের ও ছাত্রত্ব বাতিলের দাবিতে বিজয়’৭১ ভাস্কর্য এর পাদদেশে সমাবেশ ও পরে বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা। মিছিলে শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ শতাধিক শিক্ষক ও সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়।