বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের প্রক্রিয়া দেখতে ভারতে ভিড় করতে শুরু করেছে বিদেশিরা। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, সিঙ্গাপুর, জার্মানি, ফ্রান্স, নাইজেরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশ থেকে পর্যটকরা ভারতে আসছে নির্বাচনের লড়াই নিজেদের চোখে দেখতে।
একটি বেসরকারি পর্যটন প্রতিষ্ঠান ইলেকশন টুরিজম নামে প্যাকেজ ছেড়েছে। সাত দিন-ছয় রাতের এ প্যাকেজে পর্যটকদের খরচ হবে ১২শ’ মার্কিন ডলার। তীব্র গরমের সময়ও অনেক বিদেশি এই প্যাকেজের মাধ্যমে ভ্রমণের জন্য নিবন্ধন করেছে। এই প্যাকেজে পর্যটকরা বিভিন্ন নির্বাচনী সমাবেশ ও নির্বাচন পর্যবেক্ষণ করবে। এছাড়া রাজনৈতিক নেতা ও নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত্ করতে পারবে তারা।
অনাবাসী ভারতীয় (এনআরআই) ও গুজরাটিরা বারানসিতে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের মধ্যেকার ভোটের লড়াই দেখতে বেশি আগ্রহী। ভারতভিত্তিক পর্যটন কোম্পানিটির চেয়ারম্যান মনীষ শর্মা বলেন, তীব্র গরম আবহাওয়া সত্ত্বেও অনেক লোক ভারত ভ্রমণে আসতে আগ্রহী। ২০১২ সালে গুজরাটের বিধান সভার নির্বাচনের আগে এই পর্যটন ব্যবসা শুরু করেন তিনি। প্রাথমিকভাবে ১২৫ জন পর্যটক ভারত ভ্রমণ করেছে। ইতিমধ্যে আটশ’ বিদেশি পর্যটক আসার জন্য আগ্রহ প্রকাশ করেছে। আশা করা হচ্ছে, এবারের নির্বাচনে দুই হাজার পর্যটক ভারতে আসবে। শর্মা বলেন, ভারতের নির্বাচনের উত্তেজনা দেখতেই এসব বিদেশিরা আসবেন।
