চালক-হেলপার নিখোঁজ

বেনাপোলে আমদানি রপ্তানি অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা

আপডেট : ০৭ এপ্রিল ২০১৪, ২৩:২৩
আমদানি করা পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশের পর ট্রাকসহ চালক ও হেলপার নিখোঁজ হওয়ার প্রতিবাদে গতকাল সোমবার সকাল থেকে শুরু হওয়া বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ভারতের পেট্রাপোল বন্দরের ট্রাক শ্রমিকরা। তবে ২ দেশের মধ্যে পার্সপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে। ভারতের ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমা ট্রাক শ্রমিক ইউনিয়নের (আইএনটিইউসি) সাধারণ সম্পাদক প্রদীপ সাহা বলেন, ভারত থেকে গত ১১ মার্চ এসিডের একটি রপ্তানি পণ্যের চালান নিয়ে ভারতীয় ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে। পণ্য খালাস করার পর ট্রাকসহ চালক ও হেলপার এখনো ভারতে ফেরত আসেনি। বিষয়টি বেনাপোল বন্দর কর্তৃপক্ষকে একাধিকবার জানালেও তারা ট্রাকসহ তাদের কোন সন্ধান দিতে পারেননি। এরপর অনির্দিষ্টকালের জন্য বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা দেয়া হয়। বেনাপোল চেকপোস্ট কাস্টম কার্গো অফিসার ড. সিরাজুল ইসলাম বলেন, আমদানি করা পণ্য নিয়ে আসা ভারতের একটি ট্রাকসহ চালক ও হেলপার নিখোঁজের প্রতিবাদে সেই দেশের ট্রাক শ্রমিকরা ২ দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রেখেছে। এদিকে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় ২ দেশের বন্দর এলাকায় পারাপারের জন্য কয়েক’শ পণ্য বোঝাই ট্রাক দাঁড়িয়ে রয়েছে।