রাজশাহী অফিস
নদী ভাঙ্গনের কবল থেকে রাজশাহীর ভূখণ্ড রক্ষা ও সেচ ব্যবস্থার উন্নয়নে প্রস্তাবিত গঙ্গা ব্যারেজ নির্মাণ এবং উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। নগরীর কোর্ট শহীদ মিনারে আয়োজিত গত সোমবার বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে তিন পাতার একটি স্মারকলিপি দেয়া হয়। সংগঠনের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তারা রাজশাহী অঞ্চলের কৃষি ও কৃষকদের বাঁচাতে ভূখণ্ড রক্ষা ও সেচ ব্যবস্থার উন্নয়নে প্রস্তাবিত গঙ্গা ব্যারেজ নির্মাণ এবং উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের জোর দাবি জানানো হয়। সমাবেশে পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, যুগ্ম-সম্পাদক মঞ্জুর হাসান মিঠু, সাংগঠনিক সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু, রাজশাহী শিল্প ও বণিক সমিতির সভাপতি আবু বাক্কার আলী, সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান, পবা উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল হক তোতা প্রমুখ বক্তব্য রাখেন।
