আদালত নিয়ে গয়েশ্বরের মন্তব্যে মওদুদের দুঃখ প্রকাশ

আপডেট : ০৮ এপ্রিল ২০১৪, ২৩:০৪
বিচারকের নিরপেক্ষতা নিয়ে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের একটি মন্তব্যে দুঃখ প্রকাশ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ। গতকাল মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের ডিভিশন বেঞ্চে অন্য একটি মামলার শুনানিকালে আদালতের জিজ্ঞাসার জবাবে তিনি এই দুঃখ প্রকাশ করেন। প্রসঙ্গত, সোমবার ‘সব কোর্টই মুজিব কোটের পকেটে বন্দী: গয়েশ্বর’ শিরোনামে একটি প্রতিবেদন গতকাল বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। প্রতিবেদনে গয়েশ্বর চন্দ্র রায়কে উদ্বৃত করে বলা হয়েছে, ‘জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব কোর্টই এখন মুজিব কোটের পকেটে বন্দী। এই পকেট ছিঁড়তে না পারলে কেউ ন্যায়বিচার পাবে না, বিচারকদের বিবেক জাগ্রত হবে না।’ রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি ও পত্রিকাটি খুলে দেয়ার দাবিতে ড্যাব আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। প্রকাশিত এই প্রতিবেদন আমলে নিয়ে রুল জারি করে হাইকোর্ট। একইসঙ্গে গয়েশ্বর চন্দ্রসহ তিনজনকে তলব করে আদালত।