শিশুর প্রতি সহিংসতা বন্ধে বাজেটে চাই প্রতিফলন

আপডেট : ২৩ মে ২০১৯, ২২:২৯

শিশুদের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের প্রাক-বাজেট আলোচনা সভায় দাবি

ইত্তেফাক রিপোর্ট

সম্প্রতি শিশুদের প্রতি যৌন নির্যাতন ও সহিংসতার মাত্রা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে নির্যাতন বন্ধে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার প্রতিফলন বাজেটে দেখতে চেয়েছে শিশুরা। জাতীয় বাজেটের অন্তত ২০ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ থাকা উচিত বলেও সুপারিশ করে তারা। জাতীয় বাজেট ২০১৯-২০ নিয়ে শিশুদের সঙ্গে গতকাল সচিবালয়ে প্রাক-বাজেট আলোচনায় শিশুরা এসব কথা বলে। অর্থ মন্ত্রণালয় এই আলোচনা সভার আয়োজন করে। যেখানে নিজেদের সুপারিশগুলো তুলে ধরে শিশুরা দেশের সকল হাসপাতালে শিশু ওয়ার্ড স্থাপন এবং সেখানে শিশু বিশেষজ্ঞ চিকিত্সক নিয়োগ দেওয়ার সুপারিশ করে। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিশেষ সামাজিক সুরক্ষা কর্মসূচির দাবি জানায় তারা। শিশুদের জন্য ইন্টারনেটে নিরাপত্তা নিশ্চিত করা এবং বিদ্যালয়ে তারা যাতে শারীরিক ও মানসিক শাস্তির সম্মুখীন না হয়, সেজন্য শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনের বাস্তবায়ন চায় শিশুরা। শিশু বাজেট প্রণয়নে শিশু অংশগ্রহণ আরো জোরালো করে তারা বাজেট বাস্তবায়নে তাদের অংশগ্রহণের সুযোগের দাবি জানায়।

সেভ দ্য চিলড্রেন ও প্ল্যান ইন্টারন্যাশনালের সহায়তায় শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) সারা দেশের ৩৬২৬ জন শিশুর বাজেট ভাবনা ও চাহিদাগুলো সংগ্রহ করে।

মত বিনিময় সভায় অংশ নেয় সারা দেশ থেকে আসা শিশুদের প্রতিনিধিত্বকারী ২৬ জন শিশু। সভায় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব বেগম রুবীনা আমীন, অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান, উপ-সচিব, ড. খুরশীদ আলম, সেভ দ্য চিলড্রেনের চাইল্ড রাইটস গভর্নেন্স অ্যান্ড চাইল্ড প্রোটেকশন সেক্টরের পরিচালক আবদুল্লা আল মামুন, উপ-পরিচালক, গভর্নেন্স ও পাবলিক ফাইন্যান্স, আশিক ইকবাল এবং অন্য কর্মীরা। সভা শেষে অর্থ মন্ত্রণালয়ের কাছে শিশুদের ও সেভ দ্য চিলড্রেনের পক্ষ থেকে ২০১৯-২০ অর্থ বছরের বাজেটে বিস্তারিত সুপারিশমালা প্রদান করা হয়।