নগরীর সিইপিজেডে বৃহস্পতিবার রাত ৮টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের পর থেকেই ইপিজেড-এর ভেতরে আগুনের লেলিহান শিখা দৃশ্যমান হয়। ভেতর থেকে থেমে থেমে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে আশেপাশের জনসাধারণ জানান।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ইত্তেফাককে জানানো হয়, সিইপিজেডের ভিতর একটি এক্সসরিজ কারখানায় সন্ধ্যে সাড়ে ৭টায় অগ্নিকাণ্ডের সূচনা হয়। কারখানাটির নাম প্রাথমিকভাবে ইউনিকো বলা হলেও অফিসিয়ালি নিশ্চিত হওয়া যায়নি।
খবর পাওয়ার সাথে সাথে বিভিন্ন স্টেশন থেকে ৪টি ইউনিটের ১৪টি গাড়ি ঘটনাস্থলে গেছে। রাত সাড়ে ৯টার দিকে আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে ঘটনাস্থল থেকে একজন কর্মকর্তা জানান। তবে অগ্নিকাণ্ডে এলাকায় রাসায়নিক পদার্থ ভর্তি ড্রাম থাকায় এবং সেগুলো সশব্দে বিস্ফোরিত হতে থাকায় ফায়ার ফাইটাররা সতর্কতার সাথে কাজ কাজ করছেন।
অপরদিকে স্থানীয় অন্য একটি সূত্র জানায়, অগ্নিকাণ্ড কবলিত কারখানার নাম মেরিমো। সেটি একটি কার্টন তৈরির কারখানা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ইত্তেফাক/আরকেজি
