ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ব্যাপকভিত্তিক চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে ছয় বিশ্বশক্তির সাথে ভিয়েনায় মিলিত হয়েছে ইরান। এর ফলে গত মঙ্গলবার পরমাণু বিষয়ে আবারো নতুন করে আলোচনা শুরু করলো দেশটি। আন্তর্জাতিক সম্প্রদায় চায়, দেশটি যাতে তাদের পরমাণু কর্মসূচি সমৃদ্ধকরণ থেকে সরে আসে অথবা হ্রাস করে। কেননা তারা আশঙ্কা প্রকাশ করে, ইরান এটা দিয়ে পরমাণু বোমা তৈরি করছে। এদিকে এ ইউরেনিয়াম শান্তিপূর্ণ কাজে ব্যবহার করার জন্য কর্মসূচি পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে দেশটি।
এছাড়া দেশটির ওপর আরোপিত অবরোধ তুলে নিলে চুক্তি করার বিষয়ে রাজি হওয়ার আশাবাদ ব্যক্ত করে ইরান। গত জানুয়ারিতে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি করে দেশটি। আগামী জুলাইয়ে এর মেয়াদ শেষ হবে। ইরান এবং ছয় বিশ্বশক্তি (ইউএস, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি) মে মাসের মধ্যেই নতুন চুক্তির ব্যাপারে খসড়া তৈরি করতে আগ্রহী। এদিকে ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথরিন এস্টানের পরিচালনায় আলোচনাটি বুধবার শেষ হয়েছে। এছাড়া চুক্তি স্বাক্ষরের বিষয়ে দু’পক্ষই ইতিবাচক জায়গায় রয়েছে বলে ইরানি গণমাধ্যম সূত্রে জানা গেছে।
