গাড়ির চালককে বেঁধে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ছুরিকাহত করে নগদ অর্থ, মোবাইল ফোন, আংটি, ঘড়িসহ মূল্যবান কাপড়-চোপড় লুটে নিয়েছে ডাকাত দল। সোমবার রাত পৌনে ২টায় লাউয়াছড়া প্রবেশ পথে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে এ ঘটনা ঘটে। কমলগঞ্জের ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ছুটি শেষে পরিবারের সদস্যদের ঢাকায় রেখে একটি প্রাইভেট মাইক্রোবাসে বাসার গৃহকর্মীসহ কমলগঞ্জে ফিরছিলেন। ঢাকা থেকে সন্ধ্যায় রওয়ানা হয়ে ঝড়ের কারণে আসতে বিলম্ব হয়। রাত পৌনে ২টায় তার গাড়িটি শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের বেলতলা কালভার্টের সামনে আসলে একটি খুঁটি ফেলে রাস্তা বন্ধ দেখতে পান। সেখানে তার গাড়ি আসা মাত্র ১০/১২ জনের ডাকাতদল মাইক্রোবাসের চালককে গাড়ি থেকে নামিয়ে বেঁধে ফেলে। পরে তাকেও নামিয়ে ছুরিকাঘাত করে ডাকাতরা নগদ ১৮ হাজার টাকাসহ দুটি মোবাইল ফোন, দামি আংটি, একটি ঘড়ি ও ব্যবহূত কাপড়-চোপড় লুটে নেয়। ডাকাতরা নির্বাহী কর্মকর্তার ডান হাতের একটি আঙ্গুল ও পেটের নিচের দিকে ছুরিকাঘাত করে এবং লোহার রড দিয়ে তার মাথা ও পিঠে আঘাত করে। ঘটনার পর নির্বাহী কর্মকর্তা টি রিসোর্ট রেস্ট হাউজের গেইটম্যানের মোবাইল ফোন থেকে শ্রীমঙ্গল থানায় ফোন করলে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। রাতেই আহত উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিত্সা গ্রহণ করেন। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখনও কোন মামলা না হলেও ডাকাতদের সনাক্ত করে গ্রেফতারে জোর পুলিশি তদন্ত চলছে।
