কাঠালিয়ায় তালাকপ্রাপ্ত স্বামীর প্রথম স্ত্রীর (সতীন) এসিডে ঝলসে যাওয়া রুনু মৃত্যুর সাথে লড়ছে। থানায় মামলা দায়েরের পর ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ২ বছর বয়সী একমাত্র শিশু কন্যা লামিয়ার জন্য সে বাঁচতে চায়। উপজেলার পূর্ব ছিটকি গ্রামের রব্বে আলীর কন্যা এসিডদগ্ধ রুনু কান্নাজড়িত কণ্ঠে জানান, গত ২০ মার্চ’ ১৪ গভীর রাতে প্রাকৃতিক ডাকে বের হলে তার তালাকপ্রাপ্ত স্বামীর প্রথম স্ত্রী হাসিনা বেগম দলবল নিয়ে এসিড ছুঁড়লে শরীরের অধিকাংশ স্থান ঝলসে যায়। দীর্ঘদিন বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন থাকার পর রুনু আশংকামুক্ত না হওয়ায় চিকিত্সকরা তাকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। দরিদ্র রুনুর পরিবারের ঢাকায় পাঠানোর মত অর্থ না থাকায় গত সোমবার তার মা রেহেনা বেগম কাঠালিয়া থানায় রুনুকে নিয়ে হাজির হয়ে ঘটনার বিবরণ দেন এবং সতীন হাসিনা বেগমসহ ৪ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। জানা যায়, গত এক বছর পূর্বে প্রথম স্ত্রী হাসিনার নির্যাতনে রুনুর সাথে স্বামী লাল মিয়ার বিয়ে বিচ্ছেদ হয়। পরবর্তীতে রুনুর সাথে লাল মিয়ার যোগাযোগ থাকার সন্দেহে হাসিনা তার দলবল নিয়ে রুনুকে এসিড দিয়ে পুরো শরীর ঝলসে দেয়।
