ইউক্রেনের পূর্বাঞ্চলে সমস্যা সমাধানের জন্য রুশসমর্থকদের দুই দিনের আল্টিমেটাম দিয়েছে ইউক্রেন সরকার। না হলে তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করা হবে বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল বুধবার হুঁশিয়ার করে দিয়েছেন। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, রাশিয়া ইউক্রেনে গুপ্তচর পাঠিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এছাড়া ইউক্রেন ইস্যুতে আগামী সপ্তাহে প্রথমবারের মতো বৈঠকে বসতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন। খবর বিবিসি ও এএফপি’র।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন আভাকভ বলেছেন, ৪৮ ঘন্টার মধ্যে সমস্যার সমাধান না হলে ভিন্ন পথে যাওয়া হবে। সমপ্রতি ইউক্রেনের পূর্বাঞ্চলের ডনেটস্ক, লুহানস্ক, ডনেটস্ক এবং খারকিভের সরকারি ভবন দখল করে রুশপন্থীরা। ডনেটস্ককে তারা ‘গণপ্রজাতন্ত্র’ ঘোষণা করে। এরপর দখল করা ভবন নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন সরকার। পূর্ব ইউক্রেনে খারকিভ শহরের সরকারি ভবন থেকে রাশিয়াপন্থি বিক্ষোভকারীদের হটিয়ে দেয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই তিন শহরে শিগগিরই সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করা হবে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মঙ্গলবার রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে সংকট উস্কে দিতে ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য গুপ্তচর পাঠানোর অভিযোগ তুলে বলেছেন, মস্কো এটিকে ইউক্রেনে আরো সামরিক হস্তক্ষেপের অজুহাত হিসেবে ব্যবহার করতে পারে। কেরি রাশিয়ার বিরুদ্ধে একটি স্বাধীন রাষ্ট্রকে অস্থিতিশীল করতে বেআইনি, অবৈধ প্রচেষ্টা জোরদার করছে বলে উল্লেখ করেন। কেরি মার্কিন আইন প্রণেতাদের বলেন, গত ৪৮ ঘণ্টায় পুর্ব ইউক্রেনে রুশ উস্কানিদাতা ও গুপ্তচরদের তত্পরতা থেকে শুরু করে আমরা যা কিছু দেখেছি তাতে বোঝা যায়, বিশৃঙ্খলা সৃষ্টির দৃঢ় সংকল্প নিয়েই ওদের ওখানে পাঠানো হয়েছে।
