ফিলিস্তিনিদের সঙ্গে যোগাযোগ বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

আপডেট : ১০ এপ্রিল ২০১৪, ২০:৫৯
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত বুধবার তার মন্ত্রিসভার সদস্যদের ফিলিস্তিনি মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ বন্ধ করার নির্দেশ দিয়েছেন। জাতিসংঘের ১৫টি চুক্তি ও কনভেনশনে যুক্ত হতে ফিলিস্তিনের পক্ষ থেকে আবেদন করার পর ইসরাইল সর্বশেষ এই প্রতিক্রিয়া দেখাল। ইসরাইলের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী ইসরাইলের মন্ত্রীদের সঙ্গে ফিলিস্তিনী মন্ত্রীদের সাক্ষাত্ করা থেকে বিরত থাকতে এবং উচ্চ পর্যায়ের বৈঠক বন্ধ করতে নির্দেশ দিয়েছেন। ‘শান্তি আলোচনার আওতাধীন ফিলিস্তিনিদের অঙ্গীকার ভঙ্গের’ কারণে নেতানিয়াহুর পক্ষ থেকে এই নির্দেশ দেয়া হয়েছে বলে তারা জানান। নেতানিয়াহুর এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র সমর্থিত সংশয়পূর্ণ শান্তি প্রক্রিয়ার প্রতি আরেকটি আঘাত হেনেছে। তবে ইসরাইলি কর্মকর্তারা বলেন, দেশটির প্রধান শান্তি আলোচক টিজিপি লিভনি প্রধানমন্ত্রীর নির্দেশনামার ব্যতিক্রম হতে পারেন। বিবিসির ইসরাইল প্রতিনিধির প্রতিবেদন অনুসারে, প্রতিরক্ষা ও নিরাপত্তা কর্মকর্তাদেরও ফিলিস্তিনিদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখতে অনুমোদন দেয়া হবে। অন্যথায়, শুধুমাত্র নিম্ন পর্যায়ের সহযো-গিতার অনুমতি দেয়া হবে। উল্লেখ্য, গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, সাম্প্রতিক অবস্থার অবনতি সত্ত্বেও যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার অগ্রগতি সাধনে সহায়তা অব্যাহত রাখবে। তিনি ‘অসহযোগিতাপূর্ণ’ পদক্ষেপের জন্য উভয় পক্ষকেই দায়ী করেছিলেন। প্রায় তিন বছর বিরতির পর গত জুলাইয়ে যুক্তরাষ্ট্র সমর্থিত শান্তি আলোচনাটি শুরু হয়েছিল। কিন্তু উভয়পক্ষই পরস্পরের বিরুদ্ধে পূর্বপ্রতিশ্রুতি ভঙ্গ করার অভিযোগ আনায় শান্তি আলোচনার ভবিষ্যত্ নিয়ে সংশয় দেখা দিয়েছে।