অ্যাপে মিলছে না ট্রেনের টিকিট, ভিড় বাড়ছে কাউন্টারে

আপডেট : ২৩ মে ২০১৯, ২৩:১০

অ্যাপের মাধ্যমে রেলের ৫০ শতাংশ টিকিট বিক্রির সিদ্ধান্ত খুব একটা কাজে আসছে না। সাধারণ যাত্রীরা অভিযোগ করছেন, টিকিটের জন্য বারবার চেষ্টা করেও তারা ব্যর্থ হচ্ছেন। আর অ্যাপে টিকিট না পেয়ে  কাঙ্ক্ষিত টিকিটের আশায় আবার গিয়ে দাঁড়িয়েছেন কমলাপুরসহ অন্যান্য টিকিট কাউন্টারে। গতকাল বৃহস্পতিবার বিক্রি হয়েছে ১ জুন যাত্রার টিকিট। আজ শুক্রবার বিক্রি হবে ২ জুনের, ২৫ মে ৩ জুনের ও ২৬ মে ৪ জুনের টিকিট দেওয়া হবে। টিকিট বিক্রির দ্বিতীয় দিন গতকাল সকালে কমলাপুর স্টেশনে গিয়ে দেখা গেছে, টিকিট প্রত্যাশীদের  ভিড়ে তিল পরিমাণ ঠাঁই নেই স্টেশনের খোলা জায়গায়। প্রতিটি লাইন দীর্ঘ হতে হতে চলে গেছে স্টেশনের বাইরের খোলা মাঠে। লাইনের শুরু দেখা গেলেও কোথায় গিয়ে শেষ হয়েছে তা বের করা কঠিন। এরপরও টিকিট নামের সোনার হরিণটি পাওয়ার আশায় বুধবার গভীর রাত থেকেই স্টেশনে গিয়ে দাঁড়িয়েছিল টিকিট প্রত্যাশীরা।

সাধারণ যাত্রীদের অভিযোগ- অ্যাপের মাধ্যমে টিকিট দেওয়া হচ্ছে না। বারবার চেষ্টা করলেও নানা জটিলতা দেখাচ্ছে। অধিকাংশ যাত্রীর অভিযোগ- তারা গত দুইদিন ধরে অ্যাপের মাধ্যমে অনলাইনে একটি টিকিট সংগ্রহ করার চেষ্টা করেও পাননি। তাই বাধ্য হয়েই ভোররাতে এসে লাইনে দাঁড়িয়েছেন।

রেলের যাত্রীসেবা বাড়ানোর জন্য এবছর থেকে ৫০ শতাংশ টিকিট রেলওয়ের অ্যাপের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। অনলাইনে নির্ধারিত ১১ হাজার টিকিটের জন্য প্রতিদিন চেষ্টা করেন ২ লাখ যাত্রী। এর মধ্যে মাত্র ৫ ভাগ টিকিট কাটতে সক্ষম হলেও ৯৫ ভাগ যাত্রীই ব্যর্থ হন। আর একসাথে এত চাপ নিতে না পারায় অ্যাপ পেইজ ঠিকমতো লোড হয় না, ইন্টারফেজ কাজ করে না। রেলের অনলাইন টিকিট ব্যবস্থাপনা প্রতিষ্ঠান কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমস লিমিটেড বাংলাদেশ (সিএনএসবিডি) থেকে এ তথ্য জানা গেছে।

তাদের তথ্য অনুযায়ী, ৯৫ ভাগ যাত্রী অ্যাপে ঢুকে হয়রানির শিকার হন। ইন্টারফেজ কাজ করে না, পেইজ লোড না হওয়া। টাকা কেটে নিলেও টিকিট না দেওয়াসহ নানা সমস্যার মুখে পড়েন তারা।