বাস থেকে নামিয়ে ইসরাফিল মাতলা (৩৪) নামে এক যাত্রীকে প্রকাশ্য দিবালোকে জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। মেহেরপুর সদর উপজেলার নুরপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইসরাফিল হোসেন মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের মৃত বাদল মন্ডলের ছেলে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মেহেরপুর-মহাজনপুর সড়ক দিয়ে মহাজনপুরগামী একটি যাত্রীবাহী বাস নুরপুর মোড়ে এসে দাঁড়ায়। এ সময় ৫/৬ জনের সন্ত্রাসী বাসের মধ্য থেকে ইসরাফিলকে টেনে-হিঁচড়ে নিচে নামিয়ে নেয়। পরে প্রকাশ্যে তাকে জবাই করে মৃত্যু নিশ্চিত করে তারা পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা জড়ো হলে ২টি বোমার বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা।
নিহতের মা রাহাতন খাতুন বলেন, একটি ডাকাতি মামলার আসামি হিসেবে ইসরাফিল মেহেরপুর আদালতে হাজিরা দিতে গিয়েছিল। বাসে করে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করে। সদর থানার ওসি শেখ আতিয়ার রহমান বলেন, এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
