অ্যাটর্নি জেনারেল এডভোকেট মাহবুবে আলম দাবি করেছেন, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী মানবতাবিরোধী অপরাধে ফাঁসি হওয়া কাদের মোল্লার চেয়েও অনেক ভয়ানক অপরাধ করেছেন। তিনি হত্যার চেয়েও ভয়ানক যে অপরাধটি করেছেন সেটি হচ্ছে, জোর করে মানুষের ধর্ম পরিবর্তন করা। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চে সাঈদীর মৃত্যুদণ্ড বহাল চেয়ে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের শেষ দিনে অ্যাটর্নি জেনারেল এ দাবি করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, এক মোমেনার সাক্ষীতে কাদের মোল্লাকে ফাঁসি দেয়া হয়েছে। মোমেনার মত অনেক সাক্ষী এখানেও রয়েছেন। এই সাক্ষীদের বক্তব্য দেখলেও দেখবেন, কতটা প্রাণবন্ত (ন্যাচারাল) সাক্ষী তারা দিয়েছেন। তাদের বক্তব্য থেকে বোঝা যায়, সাঈদীর অপরাধ আরো ঘৃণ্য ও মারাত্মক। হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, পাক বাহিনীকে আমন্ত্রণ ও অভ্যর্থনা, অগ্নি সংযোগসহ সব ধরনের অপরাধ তিনি করেছেন। তিনি দাবি করেন, আমাকে যদি জোর করে অন্য ধর্মে নিয়ে যাওয়া হয়, তাহলে আমার জীবন বলে কি কিছু থাকবে? জবরদস্তি করে অন্য ধর্মে নিয়ে গেলে তো আত্মার মৃত্যু হয়। আত্মার মৃত্যু শারীরিক মৃত্যুর চেয়েও কঠিন।
অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের পর আগামী রবিবার এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে আদালত। ওইদিন আসামিপক্ষ রাষ্ট্রপক্ষের বক্তব্যের জবাব দেবে। এরপর রাষ্ট্রপক্ষ সমাপনী বক্তব্য দেয়ার সুযোগ পাবে।
পরে অ্যাটর্নি জেনারেল বলেন, এই মামলায় ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায় যথার্থ হয়েছে। ন্যায় বিচারের স্বার্থে অবশ্যই এই রায় আপিল বিভাগে বহাল থাকা উচিত।
