রাজধানীতে বিআরটিসির বাসে বিনামূল্যে ব্রাউজিং সুবিধা পাবে যাত্রীরা

আপডেট : ১০ এপ্রিল ২০১৪, ২৩:০৮
রাজধানীতে চলাচল শুরু করেছে ওয়াই-ফাই সংযোগযুক্ত ডিজিটাল বাস। এসব বাসে যাত্রীরা বিনামূল্যে ইন্টারনেট ব্রাউজ করতে পারবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেইট মোড়ে পরীক্ষামূলক বিআরটিসির ১০টি ডিজিটাল বাসের উদ্বোধন করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। উদ্বোধনকালে মন্ত্রী বলেন, বিআরটিসির এই বাসগুলো প্রাথমিকভাবে মতিঝিল-উত্তরা রুটে চলাচল করবে। মন্ত্রী আরো জানান, চলতি মাসেই বিআরটিসির বহরে নতুন আরো ৪০০ বাস যুক্ত হচ্ছে। এর মধ্যে ১০০টি আর্টিকুলেটেড (সংযুক্ত) এবং ৩০০টি দোতলা বাস থাকছে। এছাড়া আগামী মে-জুন মাসের মধ্যে ৬০০টি ট্যাক্সি ক্যাব এবং পণ্য পরিবহনের কাজে ৫০০টি ট্রাক আসবে বলেও জানান যোগাযোগমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বাসের ভিতরে স্টিকারে থাকা কিউ আর কোড স্ক্যান করে যাত্রীরা ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। প্রতিটি বাসে মোবাইল অপারেটর টেলিটকের চারটি থ্রিজি ওয়াই-ফাই রাউটার থাকবে। এর ফলে এরকম একটি বাসের অন্তত ৪০ জন যাত্রী স্মার্টফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। ওয়াইফাই সেবাসহ এসব বাস ভেহিক্যাল ট্র্যাকিং প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত হবে।