তিন মাসের বকেয়া বেতনের দাবিতে সাভারের আশুলিয়ায় ফেয়ার নিটিং লিমিটেড নামের একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা কর্মবিরতিসহ কারখানার সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। গতকাল বৃহস্পতিবার সাভারের আড়াপাড়ায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শ্রমিকরা জানায়, গত তিন মাসের বেতন বকেয়া থাকলেও তা দিতে তালবাহানা করছে কারখানা কর্তৃপক্ষ। একাধিকবার পরিশোধের তারিখ দিয়েও বেতন পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় এ নিয়ে বেশ কিছুদিন ধরেই কারখানার শ্রমিকদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছিল। এরই সূত্র ধরে সকালে কারখানায় প্রবেশ করে বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি শুরু করে প্রতিষ্ঠানটির শ্রমিকরা। একপর্যায়ে তারা কারখানার বাইরে আড়াপাড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। পরিস্থিতি অবনতির আশংকায় কারখানা একদিনের জন্য সাধারন ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
