বিহারে ভোটের দিন মাওবাদী হামলায় দুই জওয়ান নিহত

আপডেট : ১০ এপ্রিল ২০১৪, ২৩:২১
ভারতের চলতি লোকসভা নির্বাচনে গতকাল বৃহস্পতিবার ৯১ টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রায় সব স্থানে নির্বিঘ্নে ভোট গ্রহণ হলেও বিহারে মাওবাদী হামলায় সিআরপিএফের দুই জওয়ান নিহত হওয়ার ঘটনা ঘটেছে। খবর এনডিটিভি’র। গতকাল ভোরে একটি স্থলমাইন বিস্ফোরণে জওয়ানরা নিহত এবং ৪ জন আহত হন। জামুই ও মুঙ্গেরের মাঝামাঝি স্থানে এই বিস্ফোরণ ঘটানো হয়। স্থানীয় সময় ভোর ৪ টার দিকে সিআরপিএফের টহলরত একটি জীপ স্থলমাইনের বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেয়া হয়। আহত জওয়ানদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতের নির্বাচন বর্জনকারী মাওবাদীরা এ হামলার সাথে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ সপ্তাহের শুরুর দিকে বিহারের গয়ায় মাওবাদীদের পেতে রাখা ছয়টি স্থলমাইন উদ্ধার করা হয়। বিস্ফোরক নিষ্ক্রিয় করার চেষ্টা চালানোর সময় তিন সৈন্য নিহত হওয়ার একদিন পর এসব স্থলমাইন উদ্ধার করা হয়। ভারতে রাজ্য ও কেন্দ্রীয় সরকার এ রাজ্যের নকশাল উপদ্রুত জেলাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা অনেক জোরদার করেছে।