রিজার্ভ ২ হাজার কোটি ডলার ছাড়িয়েছে

আপডেট : ১০ এপ্রিল ২০১৪, ২৩:২১
কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ এবার দুই হাজার কোটি (২০ বিলিয়ন) ডলার ছাড়িয়েছে। দেশের রফতানি আয়ের প্রবৃদ্ধি ও আমদানি ব্যয় কমে যাওয়ায় রিজার্ভ বেড়েছে। রিজার্ভের এ অর্থ দিয়ে দেশের জন্য ছয় মাসের বেশি আমদানি ব্যয় মেটানো সম্ভব। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার দিন শেষে রিজার্ভ ২০ দশমিক তিন ডলারে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে রিজার্ভ ছিল ১৪ দশমিক ২২ বিলিয়ন ডলার। সে হিসাবে এক বছরের রিজার্ভের প্রবৃদ্ধি হয়েছে ৪১ শতাংশ। প্রসঙ্গত, রিজার্ভ স্থিতি বিবেচনায় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বর্তমানে ভারতের পরেই বাংলাদেশের অবস্থান। ভারতের রিজার্ভ স্থিতি ৩০৩ দশমিক ৬৭ বিলিয়ন মার্কিন ডলার এবং তৃতীয় অবস্থানে থাকা পাকিস্তানের রিজার্ভ স্থিতি ৯ দশমিক ৮৬ বিলিয়ন মার্কিন ডলার।