ত্বকের সুস্থতায়

আপডেট : ১১ এপ্রিল ২০১৪, ১৯:৩২
আজকের তারুণ্যের কাছে নিজের সৌন্দর্যবোধের ব্যাপারটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, সে ক্ষেত্রে তাদের চেষ্টার কোনো কমতি থাকে না। আর সৌন্দর্যবোধের মুখ্য বিষয় হচ্ছে সুন্দর ত্বক। বিশেষ করে প্রত্যেকেই সকলের কাছে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলার লক্ষ্যেই ত্বকের বিষয়ে অনেক বেশি সচেতন থাকেন। ত্বকের পরিচর্যায় নানা উপকরণ ব্যবহার করতে দেখা যায় তরুণ-তরুণীদের। কিন্তু বাস্তব সত্যি কথা হলো ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে শুধু ত্বকে নানা রকমারি উপাদান ব্যবহার করলেই হবে না। খাওয়াদাওয়ার ব্যাপারেও হতে হবে সচেতন। যেমন ভিটামিন-এ-সমৃদ্ধ খাবার যেমন দুধ, ডিম, মাখন, গাজর ইত্যাদি খেতে হবে। এগুলো ত্বক নরম রাখে এবং বয়সের ছাপ পড়তে দেয় না। তবে এই ধরনের খাবারে ফ্যাটের পরিমাণ বেশি থাকে বলে অল্প পরিমাণে খেতে হবে। রক্ত চলাচল এবং ত্বকের উজ্জ্বলতার জন্য বিশেষ উপকারী ভিটামিন বি-সমৃদ্ধ খাবার। তাই সবুজ পাতাযুক্ত সবজি খেতে হবে। এতে জলের পরিমাণ বেশি থাকে বলে স্বাস্থ্যের জন্য উপকারীও বটে। ভিটামিন সি ত্বকে প্রোটিনের মাত্রা ঠিক রাখে, যা ত্বকের শ্বাস নেওয়ার জন্য খুবই প্রয়োজনীয়। তাই প্রচুর পরিমাণে সাইট্রাস ফল, স্ট্রবেরি ইত্যাদি খেতে হবে। এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক রাখে স্বাস্থ্যোজ্জ্বল। পানি শরীর থেকে টক্সিন বের করে দেয় ও ত্বক রাখে সমস্যামুক্ত। তাই দিনে অন্তত আট থেকে বার গ্লাস পানি খেতে হবে। ভাজা খাবার থেকে নিজেকে দূরে রাখাই সবচেয়ে উত্তম। কারণ এসব খাবারের মধ্যে ফ্যাট, চিনি ও প্রিজারভেটিভ থাকে, যা চামড়ার জন্য ক্ষতিকর। তাই এই জাতীয় খাবার থেকে দূরে থাকা উচিত সবারই। বিশ্রাম নেওয়া এবং চিন্তামুক্ত থাকা আমাদের সবার জন্যই দরকার। সারাদিনের ধুলোময়লা, রোদ, কাজের টেনশনের কারণে ত্বকের উপর অত্যাচার চলে। সেই ক্ষতিপূরণ হয় রাতে সাত-আট ঘণ্টা ঘুমের মধ্য দিয়ে। খাওয়াদাওয়ার সাথে সাথে চিন্তামুক্ত থাকা এবং ঘুমটাও অনেক জরুরি।