কেরানীগঞ্জে দুদকের গণশুনানি

আপডেট : ২৪ মে ২০১৯, ০০:৩৬

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

ঢাকা জেলার কেরানীগঞ্জে অবস্থিত বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের দুর্নীতির চিত্র নিয়ে গণশুনানির আয়োজন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল  বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে ‘রুখব দুর্নীতি গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে আয়োজিত গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোজাম্মেল হক খান। তিনি বলেন, সবার অন্তরে সততার আলো প্রাণে প্রাণে জ্বালো স্লোগানকে লালন করে কাজ করতে হবে। আমরা এ গণশুনানিতে ২৭টি অভিযোগ পেয়েছি। তবে কোনো অভিযোগ সুনির্দিষ্ট ছিল না। জনগণকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে গড়ে তোলার জন্য গণশুনানির আয়োজন করা হয়েছে।

গণশুনানিতে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমান, ঢাকা জেলা প্রশাসক (ডিসি) আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহে এলিদ মাইনুল আমীন।