পুলিশ প্রধান (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেছেন, বিগত বছরে দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা চরম ধৈর্য ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন। এসময় দুর্বৃত্তদের হামলায় অকুতোভয় ও নিষ্ঠাবান ১৭ জন পুলিশ সদস্য জীবন বিসর্জন দিয়েছেন। দেশের সেবায় তাঁদের এ মহান আত্মত্যাগ ভবিষ্যতে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে অনুপ্রেরণা যোগাবে, উজ্জীবিত করবে।
বৃহস্পতিবার টাঙ্গাইল জেলা পুলিশ আয়োজিত পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। আইজিপি এসময় নিহত পুলিশ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আইজিপি হাসান মাহমদ খন্দকার সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের জানমালের নিরাপত্তা বিধানের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহবান জানান।
তিনি বলেন, মানবাধিকার সমুন্নত রেখে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের কাজ করতে হবে। পরে আইজিপি এবং তাঁর সহধর্মিণী পুনাক সভানেত্রী মিসেস রোমাইসা সামাদ বিজয়ী খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন। আইজিপি এর আগে জেলা পুলিশ লাইনেস নবনির্মিত দ্বিতল ব্যারাক ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা ও দায়রা জজ মাহবুবুল হক, জেলা প্রশাসক মোঃ আনিছুর রহমান মিয়া, পুলিশ সুপার সালেহ মোঃ তানভীর, জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দফতরের প্রধানগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
