শিশু সাহিত্য সম্মেলন ও পুরস্কার ঘোষণা

আপডেট : ১১ এপ্রিল ২০১৪, ২১:৫৪
ছোটদের আনন্দবার্ষিকী- ‘পাখি সব করে রব’, ‘চাঁদ উঠেছে ফুল ফুটেছে’, ‘আমরা সবাই রাজা,’ এবং ‘চিরদিন তোমার আকাশ’ এ চারটি সংকলন প্রকাশ করেছে চন্দ্রাবতী একাডেমি। গতকাল বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে এই প্রকাশনা অনুষ্ঠানের প্রধান অতিথি এমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামান একাডেমির পক্ষে ঢাকায় একদিনের শিশু সাহিত্য সম্মেলন আয়োজন ও সম্মেলনে শিশু সাহিত্যিক পুরস্কার প্রদানের কথা ঘোষণা দিয়েছেন। এসময় তিনি এবছর শিশু সাহিত্যে অবদানের জন্য এখলাস উদ্দিন আহমেদ, সুকুমার বড়ুয়া ও মুহম্মদ জাফর ইকবালের মনোনীত হওয়ার কথা জানান। অধ্যাপক আনিসুজ্জামান বলেন, আমাদের দেশে শিশুদের জন্য গত দশকে তেমন উল্লেখযোগ্য প্রকাশনা নেই। তাদের পাঠ্য বইয়ের কাগজ-কালি খারাপ, সেগুলো কোন বিবেচনায় ভালো না। বাংলা একাডেমির শিশুদের জন্য প্রকাশনা সকলের কাছে পৌঁছে না। তাই শিশুদের মনন বিকাশের দায়িত্ব আমাদের নিতে হবে। চন্দ্রাবতী একাডেমির এমন প্রয়াশকে তিনি সাধুবাদ জানান। শিশুদের উপযোগী লেখা ও লেখা উপযোগী ছবি সম্বলিত এই প্রকাশনা তাদের সাহিত্যপ্রেমী ও মননশীল হতে সহায়তা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় তিনি শিশুদের সাহিত্য বিকাশে এই প্রকাশনায় আর্থিক সহযোগিতা দানকারী প্রতিষ্ঠনসমূহকে ধন্যবাদ জানান। বিশিষ অতিথি কথা সাহিত্যিক সেলিনা হোসেন বলেন, চারটি সংকলনের নাম যেমন সুন্দর তেমন শিশুর শিক্ষা মানসম্পন্ন করে তোলার প্রয়াশ আমাকে মুগ্ধ করেছে। শিশুদের জন্য সাহিত্য রচনা আমাদের টিকে থাকার অন্যতম দিক বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, যারা শিশুদের জন্য বিনিয়োগ করেছেন তারা স্বপ্নের জন্য বিনিয়োগ করেছেন। স্বাগত বক্তব্যে চন্দ্রাবতী একাডেমির নির্বাহী পরিচালক কামরুজ্জামান কাজল জানান, বাংলাদেশ ও ভারতের শিশু সাহিত্য অঙ্গনে বিচরণকারী শক্তিশালী, প্রতিষ্ঠিত ও প্রতিশ্রুতিশীল লেখকদের বিপুল সমাবেশ ঘটেছে সংকলনগুলোতে। ছবি এঁকেছেন বরেণ্য শিল্পী কাইয়ূম চৌধুরী, হাশেম খান, রফিকুন নবী প্রমুখ। চন্দ্রাবতী একাডেমির উপদেষ্টা মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান এবি ব্যাংকের ব্যবস্থপনা পরিচালক শামীম আহমেদ চৌধুরী, ব্যাংক এশিয়া লিমিডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মেহবুব হোসেন, দি সিটি ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপক মাসরুর আরেফিন এবং ডেল্টা ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোঃ জাকির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিশু সাহিত্যিক আলী ইমাম।