ঢাবিতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭

আপডেট : ১১ এপ্রিল ২০১৪, ২১:৫৪
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ দু’গ্রুপের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। শুক্রবার বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হলের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জুমার নামাজে যাওয়ার জন্য হলের ফিন্যান্স প্রথম বর্ষের ছাত্র নাহিদ ওযু করতে হলের গোসলখানায় যান। এসময় গোসলখানায় অবস্থান করছিলেন অর্থনীতি প্রথম বর্ষের বেলাল। নাহিদ ছাত্রলীগের হল শাখার সভাপতি ও বেলাল সাধারণ সম্পাদকের অনুসারী। বেলাল ওয়াশরুম থেকে বের হতে দেরি হওয়ায় নাহিদ দরজায় ধাক্কা দেন। এনিয়ে দু’জনের মাঝে কথা কাটাকাটি হয়। পরে জুমার নামাজ শেষে বেলাল তার গ্রুপের কয়েকজন কর্মীসহ জসিম উদ্দিন হলে খেতে গেলে নাহিদ তার গ্রুপের ২০-২৫ জন দেশীয় অস্ত্রসহ বেলালের ওপর চড়াও হয় এবং বেধড়ক মারধর করে। পরে হলে ফিরে বেলালও তার বন্ধুদের নিয়ে সভাপতি গ্রুপের কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় হলে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। সংঘর্ষে বেলাল, নাহিদ, শাহাজাদ হোসেন, আবু সাইদ, মনির, ইকবাল ও নাইমসহ উভয় গ্রুপের সাতজন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত নাহিদ, বেলাল ও ইকবাল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এএসএম মাকসুদ কামাল বলেন, তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জের ধরে ছাত্রদের মধ্যে মারমারির ঘটনা ঘটেছে। হলের রুমগুলোতে তল্লাশি চালানো হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এদিকে সর্বশেষ খবরে জানা গেছে, সূর্যসেন হলে তল্লাশি চালিয়ে পুলিশ ১৫টি হাতবোমা উদ্ধার করেছে।