স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
বন্ধুদের সঙ্গে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে আজহারুল ইসলাম (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টায় বন্দর ফেরীঘাটে এই ঘটনা ঘটে। সংবাদ পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ১০ মিনিট চেষ্টা চালিয়ে নদী থেকে উক্ত ছাত্রের লাশ উদ্ধার করে। নিহত মাদ্রাসা ছাত্র আজহারুল ঢাকার গোলাপবাগের মাদ্রাসাতুল কাশেম ইসলামীয়া মাদ্রাসার হেফজু বিভাগের ছাত্র। এ ব্যাপারে একই বিভাগের ছাত্র মাহফুজুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে আমরা পাঁচ বন্ধু আমার খালার বাড়ি নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার ভূইয়াপাড়া এলাকায় বেড়াতে আসি। কিন্তু খালার বাড়ি না গিয়ে দুপুরে বন্দর ফেরীঘাটে গোসল করার জন্য আসি। আমাদের মধ্যে আজহার ও ইসরাফিল সাঁতার জানত না। আমরা তাদেরকে নদীতে নামতে নিষেধ করলেও তারা কথা না শুনে নদীতে লাফ দেয়। আমরা এলাকাবাসীর সহায়তায় ইসরাফিলকে নদী থেকে তাত্ক্ষণিকভাবে উদ্ধার করতে সক্ষম হলেও আজহারুল গভীর পানিতে তলিয়ে যায়।
