কক্সবাজার ও তিন পার্বত্য জেলা বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে সার্কুলার টুরিস্ট ভিলেজ হবে। গতকাল শুক্রবার বান্দরবানে থানচি-আলীকদম সড়ক নির্মাণ প্রকল্প পরিদর্শনকালে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান। টুরিস্ট ভিলেজ গড়ে তোলার বিষয়টি সরকারের সক্রিয় পরিকল্পনায় রয়েছে জানিয়ে মন্ত্রী আরো বলেন, এ পরিকল্পনা বাস্তবায়িত হলে জাতীয় আয়ের একটি বড় অংশ পর্যটন খাত থেকে আসবে। এর ফলে দেশে পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ১২০ কোটি টাকা ব্যয়ে ৩৫ কিলোমিটার দীর্ঘ থানচি আলীকদম সড়কটি নির্মাণ করছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ ইসিবি। ইতিমধ্যে প্রকল্পের ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী বছরের জুন মাস নাগাদ প্রকল্পের কাজ শেষ হলে বান্দরবানের লামা, আলীকদম ও থানচি উপজেলার যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন হবে। এর ফলে বান্দরবানের পর্যটন নগরী কক্সবাজারের দূরত্ব ৮২ কিলোমিটার কমে যাবে বলে সংশ্লিষ্টরা জানান। মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির অঙ্গীকারগুলোর ৮৫ থেকে ৯০ শতাংশই বর্তমান সরকারের আমলে বাস্তবায়ন করা হবে। তিনি বান্দরবান কেরানীহাট সড়ক সম্প্রসারণের কাজ অচিরেই শুরু হবে বলে উল্লেখ করেন। প্রকল্প পরিচালক মেজর মো. হাসানুজ্জামান সাংবাদিকদের বলেন, দীর্ঘ প্রতীক্ষিত এ সড়কের নির্মাণ কাজ সম্পন্ন হলে বান্দরবান থেকে কক্সবাজার যাতায়াত আরো সহজ হবে। ফলে পর্যটন পিপাসুরা একসাথে পাহাড় ও সমুদ্র দেখার সুযোগ লাভ করবেন।
