কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে নিহত ৩ জনের দাফন সম্পন্ন, আটক ২

আপডেট : ১১ এপ্রিল ২০১৪, ২২:১৩
জেলার কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে নিহত ৩ জনের দাফন সম্পন্ন হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে এ পর্যন্ত ২ জনকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হচ্ছেন— উপজেলার রাথুরা গ্রামের আলাউদ্দিন ও ডেমরা গ্রামের সার্ভেয়ার লোকমান হোসেন। পুলিশ জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে এলাকায় এ ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে। নিহতদের গতকাল শুক্রবার সকালে উপজেলার ধনপুর গ্রামের নিজ বাড়ির পশ্চিম পাশে মাঠে মমতাজউদ্দিন ও তার ছেলে মো. সাইজুল ইসলামের জানাজা এবং অপর নিহত সাইফুল ইসলামের জানাজা বাদ আছর অনুষ্ঠিত হয়। তিনজনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রাথুরা গ্রামে জমিতে বেড়া দিতে গিয়ে উভয়পক্ষদের মধ্যে সংঘর্ষে ৬ জনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়।