গত দু’দিনে দেশের বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি ও সংবাদদাতারা।
বাহুবলে ট্রাক চাপায়
এক যুবক নিহত
ঢাকা সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার পুটিজুরী বাজারের অদূরে পালবাড়ী নামক স্থানে ঢাকা থেকে সিলেট গামী ট্রাক নং- ঢাকা মেট্রো-ট-১৬-৬৬৬৯ দু’ পথচারীকে চাপা দেয়। এতে তুহিন মিয়া (২০) ও শামছুল ইসলাম (১৫) গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় তাদেরকে বাহুবল হাসপাতালে আনা হলে তুহিন মিয়া (২০) মারা যায়। তুহিন মিয়া স্থানীয় লামা পুটিজুরী গ্রামের লাল মিয়ার পুত্র ও শামছুল ইসলাম একই গ্রামের ছুরত আলীর পুত্র বলে জানা গেছে।
কচুয়ায় সড়ক দুর্ঘটনায়
নিহত ১, আহত ২
চাঁদপুরের কচুয়ায় গতকাল শুক্রবার এক সড়ক দুর্ঘটনায় রাসেল (২২) নামে এক যুবক নিহত হয় এবং হেলাল (২৪) ও শাহপরান (২০) নামে অপর দুই যুবক আহত হয়। নিহত ও আহতরা কচুয়া উপজেলার আকানিয়া গ্রামের অধিবাসী। সকাল সাড়ে ৭টার দিকে একটি পিকআপ কচুয়া-সাচার সড়কের আকানিয়া বাইপাস সড়ক অতিক্রম কালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি চা দোকানের উপর পড়ে। এতে দোকানের বসে থাকা উক্ত তিন যুবক দুর্ঘটনার কবলে পড়ে।
শার্শায় সড়ক দুর্ঘটনা
নিহত-১ আহত-২
শার্শা উপজেলা পল্লীতে সড়ক দুর্ঘটনায় মারুফ হোসেন (১৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত এবং অপর দু’সঙ্গী আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে বাগআঁঁচড়া সাতমাইল-কালিয়ানী সড়কের গোগা বাজারের নিকটে এ দুর্ঘটনা ঘটে। মারুফ হোসেন শার্শার বসতপুর গ্রামের শাহ আলমের পুত্র।
দোহারে পুকুরে ডুবে
শিশু মৃত্যু
ঢাকার দোহার উপজেলার নারিশা এলাকায় সাইমা (৬) নামে এক শিশু পুকুরে পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুত্রুবার সকালে উপজেলার নারিশা গ্রামের প্রবাসী মো: সামেদের মেয়ে সাইমা (৬) বাড়ির পাশে একটি পুকুরে পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
কালিগঞ্জে পানিতে
ডুবে দু’শিশুর মৃত্যু
আম কুড়াতে গিয়ে পানিতে ডুবে শুক্রবার সকালে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু দু’টি হলেন, ওই গ্রামের নুরুজ্জামানের মেয়ে রাজিয়া পারভীন (৫) ও আজগর আলীর মেয়ে তামান্না সুলতানা (২)। তারা দু’জন মামাতো ফুফাতো বোন।
