গত ৩ দিন ধরে বিদ্যুত্ না থাকার প্রতিবাদে জেলার সদর উপজেলা ফতুল্লার কুতুবআইল এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবন ঘেরাও এবং আবদুল খালেক নামে এক ডেসা কর্মকর্তাকে অবরুদ্ধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে তারা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। বিক্ষুব্ধ এলাকাবাসী গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ফতুল্লার কুতুবআইল এলাকায় শিবুমার্কেট থেকে ফতুল্লা পোস্টঅফিস যাওয়ার সড়কটি অবরোধ করে।
বিক্ষোভকারীরা জানান, গত ৩ দিন ধরে তাদের এলাকায় বিদ্যুত্ নেই। এ বিষয়ে নারায়ণগঞ্জের কিল্লারপুল ডেসা অফিসে যোগাযোগ করা হলে ৫০ হাজার টাকা দাবি করা হয়। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী প্রথমে ইউএনও গাউছুল আজমের বাসভবন ঘেরাও করে। পরে ইউএনও ডেসা কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে বললে তারা সড়ক অবরোধ করে রাখে। ফতুল্লা থানার ওসি আকতার হোসেন বলেন, এলাকাবাসী আশ্বাস পাওয়ায় অবরোধ তুলে নেয়।
