প্রিয় ডটকমের সাংবাদিকের রহস্যজনক মৃত্যু!

আপডেট : ২৪ মে ২০১৯, ০০:৩৯

শেরপুর প্রতিনিধি

অনলাইন পোর্টাল প্রিয় ডটকমের সাব-এডিটর ইহসান ইবনে রেজা ওরফে ফাগুনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার ময়মনসিংহ-জামালপুর রেল পথের নান্দিনা রানাগাছা মধ্যপাড়া রেল লাইনের কাছ থেকে অজ্ঞাতনামা লাশ হিসেবে তার উদ্ধার করে পুলিশ। স্থানীয় রেল পুলিশ আঞ্জুমান মফিদুলের মাধ্যমে ময়নাতদন্ত করে দাফনের আয়োজন করার আগ মুহূর্তে তার পরিবারের লোকজন খবর পেয়ে সেখানে গিয়ে তাকে শনাক্ত করে শেরপুরে নিয়ে যায়।

গত মঙ্গলবার অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজে চাকরির ইন্টারভিউ দিয়ে বিকালে ঢাকা থেকে গ্রামের বাড়ি শেরপুরে ফিরছিলেন ফাগুন। মঙ্গলবার রাতভর ফাগুনের সাথে যোগাযোগের চেষ্টা ও খোঁজ খবর নিয়ে কোন সন্ধান না পেয়ে বুধবার ফাগুনের বাবা এনটিভি’র শেরপুর জেলা প্রতিনিধি কাকন রেজা ও ফাগুনের মা ময়মনসিংহ ও গাজীপুর পর্যন্ত বিভিন্ন থানা ও হাসপাতালে খোঁজ করতে থাকেন। দুপুর দুইটার দিকে তারা খবর পান ময়মনসিংহে অজ্ঞাতনামা এক যুবকের লাশ দাফন করা হচ্ছে।