একটা বয়স হলে আমরা সবাই হয়তো লেখার জন্য কলম ব্যবহার করি। তবে লেখালেখির হাতেখড়ি নেওয়ার ক্ষেত্রে আমাদের ভরসা কিন্তু এখনও সেই পেন্সিলই। আর ছেলেবেলার লেখালেখির সঙ্গী এই পেন্সিলের সংগ্রহ দিয়েই যিনি গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন তিনি হলেন উরুগুয়ের এমিলিও অ্যারেনাস। ১৯৫৬ সালে অ্যারেনাসের বয়স যখন মাত্র ১০ তখন স্কুলের এক মজার ঘটনা দিয়েই শুরু হয়েছিল পেন্সিল সংগ্রহের এই বিষয়টি। স্কুলের শিক্ষকের কাছে অতিরিক্ত একটি পেন্সিল চাইবার পর শিক্ষক তাকে দু’টি পেন্সিল দিয়েছিলেন। বলেছিলেন একটি দিয়ে লিখতে আর অন্যটি তার সংগ্রহে রাখতে। সেই থেকে গেল প্রায় অর্ধ শতক ধরে সবমিলিয়ে ১৬,২৬০টি পেন্সিল নিজের সংগ্রহে এনেছেন এমিলিও। আর এসব পেন্সিল তিনি সংগ্রহ করেছেন ৭২টিরও বেশি দেশ থেকে।
